ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে যেভাবে মধ্যস্থতা করল পাকিস্তান
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-১৬,
| ১০:৩৮:২৫ |
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আলোচনা ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ধারাবাহিক প্রচেষ্টায় শান্তি প্রক্রিয়া সচল ছিল।
শাহবাজ শরিফের ভাষ্য অনুযায়ী, সংকটপূর্ণ মুহূর্তগুলোতে আসিম মুনির উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে আলোচনাকে এগিয়ে নিয়েছেন। তিনি বলেন, যুদ্ধের বিস্তার রোধ এবং কূটনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সেনাপ্রধান দিন-রাত কাজ করেছেন।
প্রধানমন্ত্রী জানান, কয়েক মাস ধরে চলা সংঘাতের মধ্যে বহুবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে পাকিস্তানের অব্যাহত কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় শান্তি প্রচেষ্টা অব্যাহত রাখা সম্ভব হয়েছে।
তিনি উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং কূটনৈতিক দলের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে কাতার, সৌদি আরব, তুরস্ক ও চীনের নেতাদেরও মধ্যস্থতামূলক সহায়তার জন্য ধন্যবাদ জানান।
শাহবাজ শরিফ আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তি আগামী ১৯ জুন জেনেভায় স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তির আওতায় আঞ্চলিক উত্তেজনা কমানো, নৌ চলাচল স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অমীমাংসিত বিষয়ে ভবিষ্যৎ আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টার মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মর্যাদা অর্জন করেছে। তার মতে, জটিল এই কূটনৈতিক প্রক্রিয়ায় ধৈর্য, যোগাযোগ এবং পারস্পরিক আস্থাই সমঝোতার পথ সুগম করেছে।