বাজেটে ভর্তুকি কমছে, বাড়ছে প্রণোদনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১২:৫৯:৩২ |

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভর্তুকি খাতে বরাদ্দ কমানোর পরিকল্পনা করছে সরকার। গত অর্থবছরে ভর্তুকিতে প্রকৃত ব্যয়ের তুলনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ কমতে পারে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইরান যুদ্ধের সমাপ্তি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সারের দাম কমে যাবে-এ আশায় চলতি অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় ভর্তুকিখাতে ব্যয় কমবে বলে মনে করছেন তারা। এছাড়া আগামী অর্থবছরে গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে আরও সমন্বয় করতে পারে সরকার।

গত ২০২৪-২৫ অর্থবছরে ভর্তুকিতে সরকারের ব্যয় হয়েছে ১ লাখ ৮ হাজার ৬৭৩ কোটি টাকা। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভর্তুকিতে মোট বরাদ্দ রাখা হতে পারে ৮৯ হাজার ৫৩৮ কোটি টাকা।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দ রয়েছে ৯৫ হাজার ৩১ কোটি টাকা। এ বছরের মূল বাজেটে ভর্তুকিতে বরাদ্দ ছিল ৮৮ হাজার ৯২০ কোটি টাকা। মূলত গ্যাস, বিদ্যুৎ ও খাদ্যে ভর্তুকিকে বাজেটে ভর্তুকি হিসেবে ধরে থাকে অর্থ মন্ত্রণালয়। কৃষিখাতে দেওয়া ভর্তুকি সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ দেখানো হয়।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বাণিজ্য বাড়াতে রপ্তানি এবং রেমিট্যান্স (প্রবাসী আয়) খাতে নগদ সহায়তার পরিমাণ বাড়াচ্ছে সরকার। নতুন অর্থবছরে এ দুই খাতের প্রণোদনা বাবদ ১৬,০২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। চলতি অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ১৫ হাজার ২২৫ কোটি টাকা। অর্থাৎ নতুন বাজেটে প্রণোদনা বাবদ বরাদ্দ বাড়ছে আরও ৮০০ কোটি টাকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..