শিকাগো বিমানবন্দরে ৭ ঘণ্টা জেরার মুখে ইরাকি ফুটবলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৭, | ২০:১৮:০৪ |

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে পৌঁছে প্রায় সাত ঘণ্টা আটক ও জিজ্ঞাসাবাদের মুখে পড়েন ইরাকের তারকা ফুটবলার আইমেন হুসেইন। 

শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টর্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার ইরাকের বিশ্বকাপ স্কোয়াড দেশটিতে পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্রে ঢোকার আগে বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় স্ট্রাইকার হুসেইনকে। 

ইরাক ফুটবল কাভার করা একটি প্রকাশনার অভিযোগ, স্ক্রিনিং প্রক্রিয়ায় হুসেইনের সঙ্গে ‘সন্দেহভাজনের মতো’ আচরণ করা হয়েছে।

এ বিষয়ে ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা হুসেইন, কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাওয়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে বিজয় চিহ্ন দেখিয়ে নিজের ছবি পোস্ট করেন হুসেইন। এতে ধারণা করা হচ্ছে, তার ক্ষেত্রে বিষয়টির সমাধান হয়েছে।

আরেকটি ইনস্টাগ্রাম স্টোরিতে সব প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ে সহায়তার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান হুসেইন। ইরাকের বিশ্বকাপ নিশ্চিত করার পথে তিনি ছিলেন দলের গুরুত্বপূর্ণ মুখ। তার করা নির্ণায়ক গোলেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ইরাক।

এক ইরাকি কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের সময় যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ হুসেইনের ফোনও পরীক্ষা করে। একই কর্মকর্তা আরও জানান, জাতীয় দলের ফটোগ্রাফার তালাল সালাহকে ১০ ঘণ্টার বেশি সময় আটক রাখা হয় এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

ওই কর্মকর্তা বলেন, ‘জাতীয় দলের ফটোগ্রাফার তালাল সালাহকে ১০ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়, একইভাবে তার ফোন পরীক্ষা করা হয় এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বিবেচনা করে ঢুকতে দেওয়া হয়নি।’

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি নিশ্চিত করেছে, শুক্রবার শিকাগোতে পৌঁছানোর পর ইরাকি প্রতিনিধি দলের দুই সদস্যকে অতিরিক্ত স্ক্রিনিংয়ের মুখে পড়তে হয়।

শনিবার এক বিবৃতিতে সিবিপি জানায়, ‘তল্লাশির পর একজন ভ্রমণকারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। দ্বিতীয় ভ্রমণকারী, যিনি দলের একজন ফটোগ্রাফার এবং খেলোয়াড় নন, তাকে প্রবেশের অযোগ্য বিবেচনা করে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি।’

৪০ বছর পর প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইরাক। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলার পর আর মূল পর্বে জায়গা করে নিতে পারেনি দেশটি। এবার গ্রুপ ‘আই’-তে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে।

বিমানবন্দরের দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও প্রবেশ-জটিলতার মধ্যেও শিকাগোতে ইরাক দলকে স্বাগত জানাতে ভোররাতেই জড়ো হন সমর্থকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..