মেসি-রোনালদোকে নিয়ে সকল ‘ভুয়া ধারণা’ ভাঙলেন এমবাপে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৬, | ২০:০৬:৪৫ |
ফুটবলপ্রেমীদের মাঝে দীর্ঘদিনের প্রচলিত ধারণা রয়েছে- লিওনেল মেসি জন্মগতভাবে নিখাদ প্রতিভা, আর ক্রিস্তিয়ানো রোনালদো কেবলই কঠোর পরিশ্রমের ফসল। এই দুই কিংবদন্তিকে নিয়ে যারা এমন ধারণা রাখেন তাদের একহাত নিয়েছেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার মতে, যারা কখনো ফুটবল খেলেনি তাঁরাই এমন কথা বলতে পারে।

১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে এবারের ফিফা বিশ্বকাপ। মেগা এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো ট্রফি উচিয়ে ধরতে মাঠে নামবে ফ্রান্স। বিশ্বকাপে মাঠে নামার আগে সম্প্রতি ‘সোয়ারে’ কে দেওয়া সাক্ষাৎকারে মেসি ও রোনালদোকে কথা বলেছেন এমবাপে।

এই দুই মহাতারকাকে নিয়ে কঠোর পরিশ্রম বনাম প্রতিভার তত্ত্ব নিয়ে এমবাপে বলেন, ‘কাউকে ছোট না করে বলছি, এই ধরণের কথা কেবল তারাই বলতে পারে যারা জীবনে কখনও ফুটবল খেলেনি। কোনো সত্যিকারের ফুটবল ব্যক্তিত্বের মুখ থেকে এমন কথা আসতে পারে না। কারণ আপনি যদি আমাকে বলেন যে রোনালদোর প্রতিভার অভাব আছে কিংবা মেসি কঠোর পরিশ্রম করেনি- তার মানে দাঁড়ায় আপনি জীবনে কখনও প্রতিদিন বুট পরে অনুশীলনে নামেননি।‘



মেসি ও রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কথা বলতে গিয়ে এমবাপে জানান, ফুটবলপ্রেমীদের কাছে এই লড়াইটি এত আইকনিক হওয়ার কারণ এই দুজন একে অপরের চেয়ে একদম আলাদা ও বৈপরীত্যে ঠাসা।

এমবাপের ভাষায়, ‘একজন ডানহাতি তো অন্যজন বাঁহাতি। একজন লম্বায় বড় তো অন্যজন কিছুটা খাটো। একজন শারীরিকভাবে বেশি শক্তিশালী তো অন্যজন ছিপছিপে। একজনের ফিনিশিং দুর্দান্ত তো অন্যজনের মাঠের ভিশন অসাধারণ।‘

এবারের বিশ্বকাপে মেসি, রোনালদো এবং এমবাপে- তিন মহাতারকার ওপরই থাকবে কোটি সমর্থকের চোখ। ২৭ বছর বয়সে ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখতে হলে এমবাপেকে হয়তো পার হতে হবে এই দুই জীবন্ত কিংবদন্তির দেয়াল। শেষ পর্যন্ত কার মাথায় বিশ্বজয়ের মুকুট ওঠে, তা দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..