✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-০৩, | ২৩:১১:১৬ |ফুটবল বিশ্বকাপের টিভি সম্প্রচার নিয়ে দেশজুড়ে অনিশ্চয়তা তুঙ্গে। এর মধ্যেই দেশের ফুটবলপ্রেমীদের জন্য এলো বড় এক স্বস্তির খবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব লাভ করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। এর ফলে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-তে দেশের দর্শকরা যে কোনো স্থান থেকে সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।
বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে বাংলালিংক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বাংলালিংক ব্যবহারকারীরা টফিতে বিনামূল্যে বিশ্বকাপ লাইভ দেখার সুযোগ পাবেন। তবে সেজন্য গ্রাহকদের নির্দিষ্ট প্যাক কিনতে হবে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ার মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল সমর্থক যে কোনো সময় ও যে কোনো স্থান থেকে উচ্চমানের স্ট্রিমিং সুবিধায় খেলা উপভোগ করতে পারবেন।’
ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখা নিশ্চিত হলেও দেশের টেলিভিশন দর্শকদের জন্য সম্প্রচারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এর আগে সম্প্রচার স্বত্বের আকাশচুম্বী মূল্যের কারণে বিটিভি বা অন্য কোনো চ্যানেলের চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড ৪৮টি দল নিয়ে নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাযজ্ঞ।