✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ১৪:০৫:২৭ |ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ের উল্লাসের মধ্যেই বড় ধাক্কা খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার টিম ডেভিড। আচরণবিধি ভঙ্গের অভিযোগে আগামী মৌসুমের প্রথম ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তিনি। পাশাপাশি তার ম্যাচ ফির অর্ধেক কেটে নেওয়া হয়েছে এবং যোগ হয়েছে আরও দুটি ডিমেরিট পয়েন্ট।
গত রবিবারের ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের সময় ঘটে বিতর্কিত ঘটনাটি। প্রথম ইনিংসের দশম ওভারে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ক্ষোভ প্রকাশ করেন ডেভিড। অভিযোগ রয়েছে, তিনি আম্পায়ার নিতিন মেননের দিকে একটি বরফের ব্যাগ ছুড়ে মারেন। বিষয়টি ম্যাচ কর্মকর্তাদের নজরে এলে তাকে আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।
লিগের শৃঙ্খলা বিধি অনুযায়ী, মাঠে উপস্থিত কোনো খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ার কিংবা অন্য কারও দিকে বল বা ক্রিকেট সরঞ্জাম অনুপযুক্তভাবে নিক্ষেপ করা গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হয়। সেই নিয়মের আওতায়ই শাস্তির মুখে পড়েছেন বেঙ্গালুরুর এই ব্যাটার।
চলতি মৌসুমে এটি ছিল ডেভিডের তৃতীয় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। এর আগে দুটি পৃথক ম্যাচে তিনি মোট তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। সর্বশেষ ঘটনার পর আরও দুটি পয়েন্ট যুক্ত হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচে।
লিগের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়ের ডিমেরিট পয়েন্ট পাঁচে পৌঁছালে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। ফলে আগামী মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচে, অথবা ভবিষ্যতে অন্য কোনো দলের হয়ে খেললে সেই দলের প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে ডেভিডকে।
শিরোপা জয়ের আনন্দে যখন ভাসছে বেঙ্গালুরু শিবির, ঠিক তখনই দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার নিষেধাজ্ঞা পেলেন। মৌসুমের শুরুতেই অভিজ্ঞ এই ব্যাটারকে ছাড়াই মাঠে নামতে হবে তার দলকে।