✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ২১:৪৮:৫৮ |বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে শিগগিরই বাংলাদেশ সফরে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল। বিসিবির পক্ষ থেকে রবিবার (৩১ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসতে পারে। সফরকালে তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে এবং নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে আইসিসি বোর্ডকে অবহিত করবে।
যদিও আইসিসির সফরসূচি কিংবা প্রতিনিধি দলের সদস্যদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির এই সফরকে বিসিবির নির্বাচন ঘিরে চলমান পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হচ্ছে। আইসিসি বোর্ড এবং আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হবে বিসিবির নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর।
আগামী ৭ জুন বিসিবির নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিসিবির বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ আলোচিত।
গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দফা বোর্ডে রদবদল হয়েছে। বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি বোর্ড পরিচালনা করছে। আগামী ৭ জুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন বোর্ড গঠিত হবে।
আইসিসির সংবিধান অনুযায়ী, সদস্য দেশের ক্রিকেট বোর্ড পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ কারণে কোনো দেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তন বা নির্বাচন হলে আইসিসি সাধারণত পরিস্থিতির ওপর নজর রাখে।
জানা গেছে, আইসিসির প্রতিনিধি দলের এই সফর বিসিবির নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিষয়গুলো মূল্যায়নে সহায়ক হতে পারে। প্রতিনিধি দলের পর্যবেক্ষণ ও মতামত পরবর্তীতে আইসিসি বোর্ডের আলোচনাতেও গুরুত্ব পেতে পারে।
এদিকে আগামী ৭ জুন নির্বাচন শেষ হওয়ার পরই আইসিসি বোর্ড ও আইসিসি বিজনেস কর্পোরেশন বোর্ডে বাংলাদেশের নতুন প্রতিনিধিদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছে বিসিবি।