সর্বশেষ :

টানা দুই ম্যাচে হিট উইকেটে আউট সুদর্শন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৩:৩১:০১ |

শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে দারুণ ব্যাটিং করলেও সাই সুদর্শনের নাম এখন আলোচনায় এসেছে এক অদ্ভুত কারণে, পরপর ম্যাচে একই ধরনের হিট উইকেট আউট।

মাঠে ব্যাটিংয়ের সময় তার ব্যাট কখনো বাউন্ডারিতে শট খেলার পর, কখনো আবার অস্বাভাবিকভাবে ফসকে গিয়ে আঘাত করেছে স্টাম্পে। এমন দৃশ্য দেখে ধারাভাষ্যকার হার্শা ভোগলেসহ অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আইপিএলের পরপর দুই ম্যাচেই একইভাবে আউট হয়েছেন তিনি। এর আগে প্রথম কোয়ালিফায়ারে আরসিবির বিপক্ষে চার মারার পর ব্যাট ফসকে গিয়ে স্টাম্পে লাগে তার আউট হওয়ার মুহূর্ত। সেই সময় ধারাভাষ্যে গ্রায়েম সোয়ানও ঘটনাটিকে বিরল বলে মন্তব্য করেন।

এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের বিপক্ষেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ৫৮ রানে ব্যাট করার সময় আরেকটি দারুণ শট খেলতে গিয়ে আবারও ব্যাট ফসকে স্টাম্পে আঘাত করে, আর তিনি হিট উইকেট হয়ে ফেরেন।

এর আগেও ২০২২ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কাইরন পোলার্ডের বলে তিনি হিট উইকেট হয়েছিলেন। ফলে আইপিএলের ইতিহাসে তিনবার একইভাবে আউট হয়ে তিনি এক অনন্য রেকর্ডে জায়গা করে নিয়েছেন।

ম্যাচ শেষে যদিও তার দল জয় পায়, তবু নিজের আউট নিয়ে মজার ছলে কথা বলেন সুদর্শন। তিনি জানান, ভবিষ্যতে গ্রিপ ও ব্যাটিং টেকনিক নিয়ে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবেন।

সঞ্চালক রবি শাস্ত্রীর প্রশ্নে তিনি হাসতে হাসতে বলেন, পরের ম্যাচে হয়তো আরও সতর্কভাবে ব্যাট করার চেষ্টা করবেন, যাতে এমন ঘটনা আর না ঘটে।

অন্যদিকে অধিনায়ক শুবমান গিলও ঘটনাটিকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, এমন ঘটনা আগে কখনো দেখেননি এবং ভবিষ্যতে ব্যাটের সঙ্গে হাত ভালোভাবে বাঁধার পরামর্শও দেন মজার ছলে।

অদ্ভুত আউটের কারণে আলোচনায় এলেও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন সুদর্শন। চলতি আসরে এখন পর্যন্ত ৭১০ রান করেছেন তিনি। তার ওপেনিং পার্টনার শুবমান গিলের রান ৭২২। দুইজনই আইপিএলে এক আসরে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..