বিশ্বকাপের কারণে পিছিয়ে গেল বিয়ের আনুষ্ঠানিকতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১৯:০৪:০৮ |

আসন্ন ফুটবল বিশ্বকাপ দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে নিউজিল্যান্ডের গোলরক্ষক মাইকেল উড তার বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন। উড এক বছর আগে বাগদান সেরেছিলেন। তবে কোচ ড্যারেন বেজেলির বিশ্বকাপ পরিকল্পনায় তিনি থাকবেন এমন কোনো ধারণাই তার ছিল না।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ফাইনালের কাছাকাছি সময়ে তার বাগদত্তা জানা রেন্টনকে বিয়ে করার পরিকল্পনা ছিল মাইকেল উডের।

চলতি মাসে বেজেলি ম্যাক্স ক্রোকোম্ব এবং অ্যালেক্স পলসেনের পর ২৬ সদস্যের দলে তার তৃতীয় গোলরক্ষক হিসেবে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলা উডকে নিশ্চিত করেছেন। যদিও উড বিশ্বকাপে এক মিনিটও খেলার সুযোগ নাও পেতে পারেন। তবে রেন্টন এতে সম্মতি দিয়েছেন।

বিয়ের পিছিয়ে দেওয়ার বিষয়ে মাইকেল উড বলেন, আমার বাগদত্তা এ ব্যাপারে খুবই সমর্থন জানিয়েছেন। এর জন্য বিয়ে বাতিল করাটা কোনো খারাপ ব্যাপার নয়, এমনটা তো প্রতি চার বছরে একবারই হয়। আমরা আগামী বছরই এটা করব।

মৌসুমের মাঝামাঝি সময়ে ছন্দপতনের কারণে অকল্যান্ডের মূল গোলরক্ষকের পদ থেকে বাদ পড়ার পর উড নিউজিল্যান্ডের স্কোয়াডে নিজের জায়গা করে নিয়েছেন। জানুয়ারিতে তার বদলি হিসেবে আসা অলিভার সেইল হাঁটুতে চোট পাওয়ায় এ-লিগ মৌসুমের বাকি অংশ এবং বিশ্বকাপ থেকে ছিটকে গেলে উডকে ফিরিয়ে আনা হয়।

উড তার এই দ্বিতীয় সুযোগটি পুরোপুরি কাজে লাগান এবং অকল্যান্ডের প্রথম এ-লিগ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মেলবোর্ন সিটির বিপক্ষে প্লে-অফের ম্যাচে পেনাল্টি শুটআউটে একমাত্র সেভটি করে ২৭ বছর বয়সী এই গোলরক্ষক। এরপর গত সপ্তাহে সিডনি এফসির বিপক্ষে ১-০ গোলের গ্র্যান্ড ফাইনাল জয়ে কোনো গোল হজম না করে অকল্যান্ডকে অস্ট্রেলিয়ার শীর্ষ লিগ জেতা প্রথম নিউজিল্যান্ড দল হতে সাহায্য করেন।

বিশ্বকাপে নিজের দায়িত্ব নিয়ে উড বেশ স্বচ্ছন্দ, যেখানে গোলরক্ষকদের মধ্যে তিনি সম্ভবত দ্বিতীয় স্থানাধিকারীর ভূমিকায় থাকবেন। তিনি বলেন, আমার ভূমিকা বেশ স্পষ্ট বলেই আমি মনে করি। তিন নম্বর গোলরক্ষক হিসেবে অন্য গোলরক্ষকদের সমর্থন দেওয়া এবং ডাক পেলে নিজের সেরাটা দিতে চাই।

বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের মধ্যে সর্বনিম্ন র‍্যাঙ্কিংয়ের থাকা দল নিউজিল্যান্ড গ্রুপ পর্বে ইরান, মিশর এবং বেলজিয়ামের বিপক্ষে খেলবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..