বিশ্বকাপে খেলোয়াড়দের রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জার্মানির ক্রীড়া পরিচালক রুডি ফোলার। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে তিনি বলেছেন, মাঠের খেলাতেই মনোযোগ দেয়া উচিত খেলোয়াড়দের।
বাভারিয়ায় জার্মান দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প থেকে এক বিবৃতিতে ফোলার বলেন, খেলোয়াড়দের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তবে বিশ্বকাপ চলাকালে খেলাধুলা ও রাজনীতিকে সম্পূর্ণভাবে 'আলাদা' রাখার পরামর্শ দেয়া হয়েছে।
২০২২ সালে কাতার বিশ্বকাপের আগে যেমন রাজনৈতিক ইস্যু নিয়ে বিশেষ মিডিয়া প্রশিক্ষণ দেয়া হয়েছিল, এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে তেমন কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
ফোলার বলেন, 'কেউ যদি কোনো বক্তব্য দিতে চায়, টুর্নামেন্ট শুরুর আগেই তা করতে পারে। কিন্তু এখন পর্যন্ত যদি কিছু না বলে থাকে, তাহলে টুর্নামেন্ট চলাকালে সেটি শুরু না করাই ভালো।'
কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন ৬৬ বছর বয়সী এই সাবেক ফুটবলার। সে সময় ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড ইস্যুতে ফিফার নিষেধাজ্ঞার প্রতিবাদে জাপানের বিপক্ষে ম্যাচের আগে দলীয় ছবিতে মুখ ঢেকে প্রতিবাদ জানিয়েছিলেন জার্মান খেলোয়াড়রা।
অনেক বিশ্লেষক মনে করেছিলেন, মাঠের বাইরের সেই বিতর্ক দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছিল।
ফোলার বলেন, 'বর্তমান দলের অনেকেই কাতার বিশ্বকাপে ছিল। তাই সবাই পরিস্থিতি সম্পর্কে জানে। আগের মতো ম্যাচের ঠিক আগে বিভিন্ন প্রচারণা বা রাজনৈতিক ইস্যু নিয়ে প্রকাশ্যে কথা বলার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।'
তিনি আরও বলেন, রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা গণমাধ্যমের কাজ, খেলোয়াড়দের মূল দায়িত্ব 'ফুটবল খেলা'।
১৯৯০ বিশ্বকাপজয়ী এই সাবেক জার্মান তারকা বলেন, 'আমরা এখানে বিশ্বকাপ খেলতে এসেছি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ফুটবলার, মানুষের মনে আনন্দ দেওয়া এবং তাদের দৈনন্দিন উদ্বেগ থেকে কিছুটা স্বস্তি দেয়াই আমাদের লক্ষ্য। মানে, দর্শকদের খুব ভালো ফুটবল উপহার দিতে হবে।'
এদিকে, রোববার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। তবে ইনজুরির কারণে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ওই ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়েছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। যদিও বিশ্বকাপে তিনি ফিরবেন বলে আশা করা হচ্ছে।