✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ১৮:৩১:২৮ |রোঁলা গারোর কোর্ট যেন ধীরে ধীরে টেনিসের পাশাপাশি ফ্যাশনের মঞ্চেও পরিণত হচ্ছে। প্রথমে জাপানের নাওমি ওসাকা অভিনব ডিজাইনের পোশাকে নজর কাড়েন। এরপর বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা কোর্টে নামেন ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি টাকার গয়না পরে।
স্পেনের জেসিকা বাউজেসের বিপক্ষে অনায়াস জয় পেয়েছেন বেলারুশের এই তারকা। ৬-৪, ৬-২ সেটে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনায় এসেছে তার ব্যতিক্রমী সাজও।
লাল-কালো ব্র্যান্ডেড পোশাকের সঙ্গে সাবালেঙ্কার গলায় ছিল হিরে ও দামী গার্নেট রত্নখচিত দুটি নেকলেস। একই রত্নের দুল ছিল কানে, আর হাতে ছিল বিশেষ ব্রেসলেট। নিউ ইয়র্কের জুয়েলারি প্রতিষ্ঠান মার্শাল গুড তার জন্য বিশেষভাবে তিনটি হার তৈরি করেছে। প্রথম রাউন্ডে তিনি পরেছিলেন দুটি। টুর্নামেন্টে আরও এগোলে বাকি গয়নাও পরবেন বলে জানিয়েছেন।
এত মূল্যবান গয়না পরে খেলতে নামার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাবালেঙ্কা বলেন, ‘হিরে পরতে আমি ভালোবাসি। তবে আমাকে কোর্টে কেমন দেখাচ্ছিল, সেটা বুঝতে পারিনি। তবে গয়না পরে খেলতে আমার কোনও অসুবিধে হয় না।’
গয়না হারানো বা চুরির ভয় পান কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ব্রাজিলীয় প্রেমিকই আমার বডি গার্ড। আর আমার ফিজিয়ো মার্শাল আর্ট জানে। তাই এ নিয়ে ভয় পাই না।’
এদিকে নারী এককে বিশ্বের তিন নম্বর ইগা স্বিয়নতেক সহজ জয় পেয়েছেন। চেক প্রজাতন্ত্রের সারা বেজ়লেককে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। ২০২০ সালের পর থেকে এই টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচ হেরেছেন চারবারের চ্যাম্পিয়ন স্বিয়নতেক। দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেছেন এলিনা স্বিতোলিনাও।
অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন কোকো গফ ম্যাচ খেলতে আসার পথে গাড়ি দুর্ঘটনায় পড়লেও অক্ষত ছিলেন। ক্ষতি হয়েছে শুধু তার গাড়ির। পরে ট্যাক্সিতে করে কোর্টে এসে অনায়াসে জয় তুলে নেন তিনি।
পুরুষ এককে ২৪ গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জোকোভিচ প্রথম রাউন্ডে ফ্রান্সের পেরিকার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর জয় পেয়েছিলেন। তবে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের ভালেন্তিন রোয়েরের বিপক্ষে অনেকটাই স্বস্তিতে খেলছেন ৩৯ বছর বয়সী এই সার্বিয়ান তারকা।