✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ১৮:৩০:১৮ |ফরাসি ওপেনে বড় ধরনের অঘটনের জন্ম দিলেন ইউক্রেনের ইউলিয়া স্তারোদুবতসেভা। র্যাঙ্কিংয়ের ৫৫ নম্বরে থাকা এই খেলোয়াড় হারিয়ে দিয়েছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা এলেনা রিবাকিনাকে।
বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শুরুটা ভালোই করেছিলেন কাজাখস্তানের রিবাকিনা। প্রথম সেট ৬-৩ গেমে জিতে এগিয়েও যান তিনি। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনজয়ী এই তারকা।
সুযোগটা কাজে লাগিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন স্তারোদুবতসেভা। দ্বিতীয় সেট ৬-১ গেমে জয়ের পর টাইব্রেক পর্যন্ত গড়ানো তৃতীয় সেটও নিজের করে নেন তিনি। শেষ পর্যন্ত ৩-৬, ৬-১, ৭-৬ (১০-৪) গেমে স্মরণীয় জয় তুলে নেন ইউক্রেনীয় এই খেলোয়াড়।
এই হারে ২০২০ সালের পর প্রথমবারের মতো ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হলেন রিবাকিনা। এছাড়া ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনের পর যেকোনো গ্র্যান্ড স্ল্যামে এটিই তার সবচেয়ে দ্রুত বিদায়।
এককে দুটি গ্র্যান্ড স্ল্যামজয়ী রিবাকিনার বিদায়ে একটি বিষয় নিশ্চিত হয়ে গেছে, চলতি ফরাসি ওপেনে ফল যাই হোক না কেন, বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখবেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা।