✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৮, | ১৮:২২:১৩ |সাফ নারী ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আজ রাত ৮টায় ভারতের মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষকে নিয়ে বাড়তি কোনো চাপ নেই দলের মধ্যে। অতীত পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষেই কথা বলছে। সাফে এখন পর্যন্ত তিনবার মালদ্বীপের মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের আগে ডন বস্কো কলেজ মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। আগের অনুশীলন ভেন্যুর মাঠ নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও ডন বস্কোর মাঠ ও পরিবেশ সবার মন জয় করেছে। চারপাশের শান্ত পরিবেশ, নারিকেলগাছের সারি আর গ্যালারিসহ গোয়ান স্থাপত্যের আবহ অনুশীলনে ভিন্ন মাত্রা যোগ করে।
বাংলাদেশ দলের অনুশীলন দেখতে মাঠে হাজির হন আশুলিয়া থেকে যাওয়া ফুটবলপ্রেমী খোরশেদ মাতবর আলমগীর। বিশাল লাল-সবুজ পতাকা হাতে মেয়েদের উৎসাহ দিতে দেখা যায় তাকে। জাতীয় দলের ফরোয়ার্ড শেখ মোরছালিনের দেওয়া জার্সি পরে মাঠে আসেন তিনি। ক্রিকেট ও ফুটবলের টানে দেশ-বিদেশে ঘুরে বেড়ানোই তার নেশা বলে জানান।
অনুশীলনে কোচ পিটার বাটলার খেলোয়াড়দের কয়েকটি গ্রুপে ভাগ করে শুরুতে গা গরম করান। পরে চলে মূল কৌশলগত অনুশীলন। পুরো সেশনে ওয়ান-টাচ ফুটবল ও আক্রমণভাগের সমন্বয়ের ওপর জোর দেন এই ব্রিটিশ কোচ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত মালদ্বীপকে ১১-০ গোলে হারানোয় বাংলাদেশের সামনেও বড় ব্যবধানে জয়ের মানসিক চাপ তৈরি হয়েছে। তবে কোচ বাটলার গোলসংখ্যা নিয়ে ভাবতে নারাজ। তিনি বলেন, 'যারা নির্দিষ্ট সংখ্যক গোল করার কথা বলে, তারা আসলে ফুটবল বোঝে না। এটি একটি ম্যারাথন, কোনো স্প্রিন্ট নয়। আমি শুধু একটি পেশাদার এবং সুশৃঙ্খল পারফরম্যান্স চাইছি। মালদ্বীপের ওই ফল নিয়ে আমি ভাবছি না। কারণ, তাদের প্রস্তুতি ভালো ছিল না এবং তারা দীর্ঘ সময় ট্রানজিটে আটকে ছিল। আমরা অতীতে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না। প্রতিটি প্রতিপক্ষকে সম্মান জানিয়ে আমরা পরবর্তী ম্যাচ এবং বর্তমানের ওপর মনোযোগ দিতে চাই।'
দলের মাঝমাঠের অন্যতম ভরসা মনিকা চাকমাকে চোটের কারণে বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে আজ মিডফিল্ডের দায়িত্ব আরও বেশি থাকবে মারিয়া মান্দার কাঁধে। অধিনায়ক হিসেবেও এটিই হতে যাচ্ছে তার প্রথম ম্যাচ। দল ও নিজের লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী মারিয়া বলেন, 'অধিনায়ক হিসেবে অনুভূতির জায়গাটা অবশ্যই দারুণ। যেহেতু নতুন করে সাফ শুরু হচ্ছে, আমরা ভালো কিছু দিয়েই যাত্রা করতে চাই। আমাদের প্রথম টার্গেট হলো পূর্ণ পয়েন্ট। গোল কয়টি হবে, তা পুরোপুরি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। মিডফিল্ড থেকে আমরা যদি আমাদের স্বাভাবিক ও গোছানো খেলাটা উপহার দিতে পারি, তবে সব সময়ই একটা ভালো রেজাল্ট আসে। ঈদের উপহার হিসেবে আমরা দেশবাসীকে একটি সুন্দর ম্যাচ এবং দারুণ একটি জয় উপহার দিতে চাই।'