প্রস্তুতি ম্যাচের জন্য ৩০জন খেলোয়াড়কে ডাকছেন আর্জেন্টিনার কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৭, | ২৩:৪৩:২৩ |
৩০ মে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল জমা দেয়ার শেষদিন, কিন্তু এখন ও দল ঘোষণা করছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। আপাতত দল ঘোষণায় ধীরে চলো নীতিতেই অটল থাকছেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো এই কোচ। তাই বিশ্বকাপের দল ঘোষণা না করে বরং প্রস্তুতি ম্যাচের দিকেই দৃষ্টি তার। প্রীতি ম্যাচের জন্য খেলোয়াড় নেয়ার ব্যাপারে কোনো সীমাবদ্ধতা না থাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা মাথায় রেখে বড় স্কোয়াড নিয়েই কাজ করতে চান এই কোচ।

বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা না করলেও হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটির জন্য প্রায় ৩০ জন খেলোয়াড়কে সঙ্গে নিচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। আগাম প্রস্তুতির অংশ হিসেবে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় একটু বড় দল নিয়েই এগোতে চান এই ৪৮ বছর বয়সী কোচ। কাতার বিশ্বকাপের আগে হোয়াকিন কোরেরা ও নিকোলাস গঞ্জালেসের চোট থেকে তিনি শিক্ষা নিয়েছেন।

সেবার দুই খেলোয়াড়ের ইনজুরির কারণে জরুরি ভিত্তিতে ছুটিতে থাকা থিয়াগো আলমাদা এবং অ্যানহেল কোরেয়াকে দলে ডাকতে হয়েছিল। এবার যেন এমন পরিস্থিতি না হয়, তাই সম্ভাব্য বিকল্প খেলোয়াড়দেরও প্রস্তুত ও ম্যাচ-ফিট অবস্থায় রাখতে চান স্কালোনি।



যেসব খেলোয়াড় বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দলে থাকবেন না, কিন্তু প্রীতি ম্যাচের সফরে যাবেন তারা হলেন সান্তিয়াগো বেলত্রান ও জোয়াকিন ফ্রেইতাস (রিভার প্লেট), তোমাস আরান্দা (বোকা জুনিয়র্স), সিমন এসকোবার (ভেলেজ), ইগনাসিও ওভান্দো (রোসারিও সেন্ট্রাল) এবং নিকোলাস কাপালদো (হামবুর্গ)।

এছাড়া দলে থাকছেন অগাস্টিন গিয়াই। পালমেইরাসের এই ডিফেন্ডারকে ডাকার পেছনে কারণ হলো গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনার মাংসপেশির চোট। এখন দেখার বিষয়, গিয়াই বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেন কি না।

আগামী শনিবার (৩০ মে) আর্জেন্টিনার দলটি কানসাসে যাবে, যা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার বেস ক্যাম্প হিসেবে ব্যবহৃত হবে। হন্ডুরাসের বিপক্ষে ৬ জুন টেক্সাসে এবং আইসল্যান্ডের বিপক্ষে ৯ জুন আলাবামায় ম্যাচ সামনে রেখে সোমবার (১ জুন) থেকে অনুশীলন শুরু করবে দল।

প্রথমে উল্লেখ করা ছয় খেলোয়াড়ের মধ্যে ফ্রেইতাস, ওভান্দো ও এসকোবার কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লেও বিশ্বকাপ দলে সুযোগ পাবেন না। কারণ তারা আর্জেন্টিনার প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় নেই। স্কালোনি কেবল ওই তালিকায় থাকা খেলোয়াড়দেরই বিশ্বকাপ স্কোয়াডে নিতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..