ব্রাজিলের জাতীয় দলে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস জুনিয়র। তাকে সেলেসাওদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা বললেন রিয়াল মাদ্রিদ তারকা। কার্লো আনচেলত্তির স্কোয়াডে ডাক পাওয়ার আগে দলের বাইরে থাকা ও ইনজুরির কারণে তার সতীর্থকে কতটা সংগ্রাম করতে হয়েছে সেটাও জানালেন তিনি।
ব্রাজিলের উত্তর আমেরিকা অভিযানের অংশ হতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে নেইমারকে। সাবেক বার্সা ও পিএসজি তারকা অনিশ্চয়তার মধ্যে থেকে কতটা কষ্ট পেয়েছেন তা ভালোভাবে জানেন ভিনিসিয়ুস। বারবার দল থেকে বাদ পড়ার কারণে আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিলেন নেইমার।
কেজটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে ভিনিসিয়ুস বললেন, “দল যতবার দেওয়া হয়েছে, আমি ততবারই নেইমারের সঙ্গে কথা বলতাম। সে সবসময় বলত, ‘আহ, আনচেলত্তি আবারও আমাকে ডাকলেন না। আমি সত্যিই কষ্ট পাচ্ছি।’ কিন্তু আমি সবসময় তাকে বলতাম, তার ওপর কোচের আস্থা আছে, সময় আসলে তিনি নেইকে নেবেন।”
ড্রেসিংরুমে নেইমারের প্রভাব নিয়ে কথা বললেন ভিনিসিয়ুস। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে বিশ্বকাপে খেলার উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি, ‘নেইমার আমাদের আইডল। আমি সবসময় তাকে খুব পছন্দ করি। সে সবসময় আমাকে অনেক সমর্থন দেয়। তার ক্যারিয়ারের শুরু থেকে আমি তাকে অনুসরণ করেছি এবং আমি তার জন্য খুশি। ইনজুরির পর, অনেক বেশি ভোগার পর সে জাতীয় দলে ফিরতে পারল এবং এই চমৎকার দলের সঙ্গে আরেকটি শেষ সুযোগ পাচ্ছে।’
এদিকে সম্প্রতি পাওয়া আরেক চোটের পরও নির্ভাবনায় আছেন নেইমার। পায়ের মাংসপেশীতে (কাফ) পাওয়া এই ইনজুরি বিশ্বকাপে সমস্যা তৈরি করবে না বলে আশাবাদী তিনি।
গত ১৭ মে করিতিবার বিপক্ষে ৩-০ গোলে সান্তোসের হারের ম্যাচে খেলার সময় আঘাত পান নেইমার। সবশেষ ইনজুরির ধাক্কা বিশ্বকাপে সমস্যা হয়ে দাঁড়াবে কি না প্রশ্নে ৩৪ বছর বয়সী বললেন, ‘কিসের সমস্যা?’
এ জাতীয় আরো খবর..