মেয়েদের সাফ মহারণের প্রথম দিনেই তাণ্ডব!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৩:৫১:৫০ |

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর অষ্টম সংস্করণের পর্দা উঠেছে। ভারতের গোয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ উদ্বোধনী ম্যাচগুলোর মধ্য দিয়ে টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। মাঠের লড়াইয়ের প্রথম দিনেই বড় জয় ও রোমাঞ্চকর লড়াইয়ের দেখা পেয়েছে ফুটবলপ্রেমীরা।

দিনের প্রথম ও উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল নেপাল ও ভুটান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে নেপালি মেয়েরা। পুরো ম্যাচে ভুটান শক্ত প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হয়েছে তাদের। এই জয়ের ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নেপাল।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে রীতিমতো গোল উৎসব করেছে টুর্নামেন্টের স্বাগতিক দেশ ভারত। বাংলাদেশের গ্রুপসঙ্গী মালদ্বীপের মুখোমুখি হয়ে ভারত মাঠ ছাড়ে ১১-০ গোলের বিশাল জয় নিয়ে। মালদ্বীপের রক্ষণভাগকে কোনো সুযোগই দেয়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা। ভারতের এই বিধ্বংসী জয় টুর্নামেন্টের অন্য দলগুলোর জন্য একটি বড় সতর্কবার্তা।

নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মারিয়া মান্দারা মাঠে নামবেন মালদ্বীপের বিপক্ষে। ভারতের কাছে বিধ্বস্ত হওয়া মালদ্বীপের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের আধিপত্য জানান দেওয়াই এখন লাল-সবুজের প্রতিনিধিদের মূল লক্ষ্য।

ছয় দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের সামনে রয়েছে অনন্য এক ইতিহাস গড়ার সুযোগ। গত দুই আসরের ট্রফি নিজেদের ঘরে তোলা মারিয়া মান্দা ও ঋতুপর্ণা চাকমারা এবার মাঠে নামছেন হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে। বর্তমান চ্যাম্পিয়ন এবং মাঠের সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল বাংলাদেশ।

টানা তৃতীয়বার ট্রফি জেতার পথটা যে মোটেও সহজ হবে না, তা টুর্নামেন্ট শুরুর আগেই সংবাদমাধ্যমকে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের নতুন অধিনায়ক মারিয়া মান্দা। তিনি জানান, দক্ষিণ এশিয়ার দলগুলো আগের চেয়ে অনেক উন্নত ফুটবল খেলছে। তাই প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে এবং কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

অধিনায়ক কিছুটা সতর্ক অবস্থানে থাকলেও শিরোপা ধরে রাখার ব্যাপারে বেশ আশাবাদী বাংলাদেশের কোচ পিটার বাটলার। দলের মেয়েদের প্রস্তুতি এবং বর্তমান ফর্মে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। বাটলারের বিশ্বাস, পরিকল্পনা অনুযায়ী মাঠে খেলতে পারলে বাংলাদেশ আবারও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হবে।

বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পথে বরাবরের মতোই সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়ে আছে পাঁচবারের সাফজয়ী দল ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ৩১ মে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..