✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৩:৪১:০২ |২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যা ঘটেছিল, তার পুনরাবৃত্তি ঘটল ২৩তম বিশ্বকাপে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছাড়াই বিশ্বকাপের জন্য স্পেনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
গতকাল সোমবার সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের দল ঘোষণার পর এর ব্যাখ্যা দিয়েছেন দে লা ফুয়েন্তে। ২৬ সদস্যের চূড়ান্ত দলে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের সুযোগ না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি সত্যিই কঠিন। প্রতিপক্ষের শক্তিমত্তা এবং তাদের বৈশিষ্ট্য মাথায় রেখে ম্যাচে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে—আমরা তার সম্ভাব্য প্রতিটি দিক নিয়ে ভাবি। সব বিবেচনা করেই ২৬ জনকে বেছে নিয়েছি। আমার মনে হয়, আমরা দলের সব ধরনের প্রয়োজন পূরণ করতে পেরেছি... তারা কে কোন ক্লাবের হয়ে খেলেন, সেটি আমি বিবেচনা করি না।’
বিশ্বকাপ মিশন শুরুর আগে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) গালিসিয়ার আ করুনিয়ায় ইরাকের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। এরপর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ৮ জুন মেক্সিকোর পুয়েবলাতে পেরুর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে তারা।
দে লা ফুয়েন্তে জানিয়েছেন, স্পেনের মেডিকেল রিপোর্ট অনুযায়ী—লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং মিকেল মেরিনো (যিনি গত রোববার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে আর্সেনালের হয়ে মাঠে ফিরেছেন) আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগেই খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন।
তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক।নতুন কোনো বড় সমস্যা না হলে প্রথম ম্যাচ থেকেই আমরা প্রায় সবাইকে স্কোয়াডে পাব। আমাদের ডাক্তার এবং ফিটনেস কোচ ক্লাবগুলোতে গিয়েছেন এবং তাদের সাথে কথা বলেছেন। সবার সাথে সমন্বয় করে কাজ করছি... আমার কোনো সন্দেহ নেই যে তারা প্রথম ম্যাচের জন্যই প্রস্তুত থাকবে, আর তা না হলেও দ্বিতীয় ম্যাচের আগে অবশ্যই ফিট হয়ে যাবে।’
দে লা ফুয়েন্তে প্রশংসায় ভাসিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে বিদায় জানানো দানি কারভাহাল এবং ইউরো ২০২৪-এ স্পেনকে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়ক আলভারো মোরাতাকে। কোচ বলেন, ‘নেতৃত্বের দিক থেকে তারা এক অবিস্মরণীয় উত্তরাধিকার রেখে গেছেন। তবে তাদের পেছনে থাকা নতুন প্রজন্মটিও পুরোপুরি প্রস্তুত, তারাও একই উপাদানে তৈরি।’