ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’। দীর্ঘ প্রতীক্ষার পর দর্শকদের সামনে আসছে সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। সম্প্রতি সিনেমাটি ও নিজের অভিনয়-অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
নাবিলা জানান, ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া সহজ ছিল না। এই চরিত্রের জন্য তাকে তিনবার অডিশন দিতে হয়েছে।
তার ভাষায়, ‘পুরো চিত্রনাট্য পড়ে আমি মুগ্ধ হয়ে যাই। তখন আমাকে অন্য একটি চরিত্রের জন্য ভাবা হয়েছিলো। কিন্তু আমি নির্মাতাকে বলেছিলাম, যদি ‘বনলতা সেন’-এর চরিত্রে ভাবেন, তাহলে এককথায় রাজি হয়ে যাব। পরে অনেক দিন পর আবার ডাকলেন। তিনবার অডিশন নিলেন। এরপর শুটিং শুরু হয়।’
নাবিলার মতে, বাংলাসাহিত্যের বহুল আলোচিত এই চরিত্রকে পর্দায় তুলে ধরা ছিল বেশ চ্যালেঞ্জের। কারণ প্রত্যেক পাঠকের মনে ‘বনলতা সেন’-এর আলাদা একটি কল্পচিত্র রয়েছে।
তিনি বলেন, ‘জীবনানন্দ দাশের সৃষ্টি করা এই চরিত্রকে ঘিরে অনেক রহস্য ও ব্যাখ্যা আছে। দর্শক যখন সিনেমাটি দেখবেন, তখন যেন মনে প্রশ্ন জাগে, এই বনলতা কি আমার কল্পনার বনলতা?’
২০২৩ সালের নভেম্বরে সিনেমাটির কাজ শেষ হলেও নানা জটিলতায় মুক্তি পিছিয়ে যায়। অবশেষে চলতি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। নাবিলার বিশ্বাস, কবিতার মতো রহস্যময় আবহে নির্মিত এই সিনেমা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে।
তিনি আরও জানান, সিনেমাটির প্রতিটি দৃশ্যের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে। কস্টিউম, সেট ও চরিত্রের উপস্থাপনা- সবকিছুতেই ছিলো আলাদা যত্ন।
নাবিলার ভাষায়, ‘উজ্জ্বল ভাই বড় ক্যানভাসে কাজ করতে পছন্দ করেন। তার সিনেমা অনেকটা কবিতার মতো। দর্শক দেখলেই সেটা বুঝতে পারবেন।’
বর্তমানে ঈদের অনুষ্ঠান উপস্থাপনা ও ‘বনলতা সেন’-এর প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।