✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১২:৪২:২৯ |মোহামেদ সালাহকে মাঠ থেকে তুলে নেওয়ার সংকেত দেওয়া হলো ম্যাচের ৭৪তম মিনিটে। গোটা অ্যানফিল্ড তখন মুখরিত হয়ে উঠল করতালিতে। মিশরীয় তারকা হাত নেড়ে জবাব দিলেন সবার অভিবাদনের। একে একে তাকে আলিঙ্গনে বাঁধলেন সতীর্থরা। সিজদাহ দিয়ে মাঠ ছাড়লেন তিনি, লিভারপুলের জার্সিতে শেষবারের মতো!
প্রিমিয়ার লিগের শেষ দিন রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হলো সালাহর ৯ বছরের লিভারপুল অধ্যায়। শেষটায় একটি রেকর্ডও সঙ্গী হলো তার। স্টিভেন জেরার্ডকে (৯২) ছাড়িয়ে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিলেন তিনি (৯৩)।
সালাহর শেষটা যদিও জয়ে রাঙাতে পারেননি তার সতীর্থরা। ম্যাচটি ১-১ ড্র হয়েছে। তবে এই ম্যাচে এক পয়েন্ট পেয়েই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত হয়েছে লিভারপুলের।
ঘরের মাঠে এ দিন গোলও পেতে পারতেন সালাহ। ১৯তম মিনিটে তার ফ্রি-কিক লাগে পোস্টে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮তম মিনিটে কার্টিস জোন্সের গোলে এগিয়ে যায় লিভারপুল। এই গোলে অবদান রেখে জেরার্ডকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পা রাখেন সালাহ। তবে পাঁচ মিনিট পরই গোলটি শোধ করে দেয় ব্রেন্টফোর্ড। এর মিনিট দশেক পর দর্শকদের তুমুল করতালিতে মাঠ ছাড়েন সালাহ।
গত বছর ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি করলেও, পরিবর্তিত পরিস্থিতিতে গত মার্চের শেষ দিকে এই তারকা ফরোয়ার্ড জানিয়ে দেন, চলতি মৌসুম শেষে লিভারপুলে তার যাত্রার সমাপ্তি।
২০১৭ সালে তখনকার ক্লাব রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে নিয়ে আসে লিভারপুল। এই ক্লাবের প্রথম মিশরীয় ফুটবলার দ্রুতই হয়ে ওঠেন দলের অবিচ্ছেদ্য অংশ এবং সমর্থকদের মধ্যমণি। আগের কোচ ইয়ুর্গেন ক্লপের আক্রমণের পরিকল্পনার সবচেয়ে বড় অস্ত্র ছিলেন তিনি। এই জার্মান কোচের হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগসহ সব শিরোপাই জিতেছে ক্লাবটি এবং প্রতিটি সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সালাহ।
বর্তমান কোচ আর্না স্লটের অভিষেক মৌসুমে লিভারপুল যে গতবার লিগ শিরোপা পুনরুদ্ধার করে, সেখানেও বড় অবদান ছিল সালাহর; আসরের সর্বোচ্চ ২৯টি গোল করেন তিনি।
কিন্তু গত মৌসুমের ধার তার খেলায় পাওয়া যাচ্ছিল না এবার। কোচ তাকে বেশ কিছু ম্যাচে রাখেননি শুরুর একাদশে। কোচের সঙ্গে তার মনোমালিন্য আর ক্লাবের সঙ্গে দূরত্ব নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে। তাকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এক ম্যাচে তাকে স্কোয়াড থেকেই বাদ দেন স্লট।
পরে অবশ্য কোচের সঙ্গে সালাহর সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু পুরোপুরি জোড়া লাগেনি আর কখনোই। গত সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-২ গোলের হারে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা শঙ্কায় পড়লে, সালাহ সামাজিক মাধ্যম এক্স-এ দলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তোলেন। এই মৌসুমে দলের অধারাবাহিকতার কথা তুলে ধরে সাবেক কোচ ক্লপের কোচিংয়ে সাফল্য পাওয়া সেই আক্রমণাত্মক কৌশলে ফেরার আহ্বান জানান তিনি।
তার ওই মন্তব্য নিয়ে প্রশ্নে ব্রেন্টফোর্ড ম্যাচের আগে স্লট বলেন, “মো (সালাহ) ও আমার লক্ষ্য একই, আমরা এই ক্লাবের জন্য সেরাটা চাই…।” তবে শেষ ম্যাচে এই তারকাকে খেলানো হবে কি না, সেদিন তা নিশ্চিত করতে রাজি হননি কোচ।
শেষ পর্যন্ত অবশ্য বিদায়ী ম্যাচে শুরু থেকেই খেললেন সালাহ। উপলক্ষটাও রাঙালেন রেকর্ড গড়ে। এ দিন ম্যাচ শেষেও তার জন্য বিশেষ আয়োজন রেখেছিল লিভারপুল।
লিভারপুলে শেষ মৌসুমে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে সালাহ গোল ও অ্যাসিস্ট করেছেন সমান সাতটি করে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে তার গোল ১২টি, অ্যাসিস্ট ১০টি।
লিভারপুলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থান থেকে বিদায় নিলেন সালাহ। ৪৪২ ম্যাচে তার গোল ২৫৭টি। সঙ্গে অ্যাসিস্ট ১২৩টি। এছাড়া জিতেছেন অনেক ব্যক্তিগত পুরস্কার।