মেসি কি বিশ্বকাপ খেলতে পারবেন? ২৩ দিন আগে ভয়ংকর সংকেত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১২:৩৪:২৭ |

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২৩ দিন। এমন সময়ে হঠাৎ করেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি, আর তাতেই ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়েছে বড় ধরনের ইনজুরি আতঙ্ক। আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের ঠিক আগে এই ঘটনা নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে সমর্থকদের।

রবিবার রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬ ৪ ব্যবধানে জয়ের ম্যাচে ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন ইন্টার মায়ামির এই তারকা। জাতীয় দলে যোগ দেওয়ার আগে এটিই ছিল ক্লাবের হয়ে তার শেষ ম্যাচ।

ম্যাচের ৬৮তম মিনিটে একটি ফ্রি কিক নেওয়ার পরও তাকে স্বাভাবিক দেখা যায়। এরপর ড্রিবল করে থ্রু বল দেওয়ার সময়ও কোনো সমস্যা চোখে পড়েনি। তবে কয়েক মিনিটের মধ্যে আচমকাই গতি কমে যায় তার। মাঠে হাঁটতে দেখা যায় এবং পরে সাইডলাইনের দিকে ইশারা করে নিজেই পরিবর্তনের অনুরোধ জানান।

মাঠ ছাড়ার সময় তাকে সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যেতে দেখা যায়। স্টেডিয়ামে থাকা কয়েকজনের দাবি, সে সময় মেসি নিজের পা চেপে ধরেছিলেন, যা ইনজুরির আশঙ্কাকে আরও জোরালো করেছে।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ জানান, এখনো চূড়ান্ত মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি। তার মতে, ভারী পিচে খেলার কারণে মেসি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মেসি ১৪ ম্যাচে ১২ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন। প্রায় প্রতিটি ম্যাচেই পুরো সময় খেলেছেন তিনি। তাই এমন সময়ে তার হঠাৎ মাঠ ছাড়া অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে।

আগামী ১৬ জুন বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে।

এর আগে নিজেই বিশ্বকাপ খেলা নিয়ে শর্তসাপেক্ষ মন্তব্য করেছিলেন মেসি। তিনি জানিয়েছিলেন, শতভাগ ফিট থাকলেই কেবল মাঠে নামবেন।

এখন সব প্রশ্ন একটাই, মেসির এই মাঠ ছাড়ার পেছনে কি বড় কোনো ইনজুরি লুকিয়ে আছে, নাকি এটি শুধুই সাময়িক ক্লান্তি। উত্তর না পাওয়া পর্যন্ত উদ্বেগ কাটছে না আর্জেন্টিনা সমর্থকদের।

সূত্র: গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..