আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়াল অভিজ্ঞ ডিফেন্ডারের চোট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১২:২৩:০৩ |

বিশ্বকাপের আগে নতুন উদ্বেগে পড়েছে আর্জেন্টিনা শিবির। এবার চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনাকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের তথ্য অনুযায়ী, রিভার প্লেটের হয়ে বেলগ্রানোর বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন আকুনা। তবে ম্যাচ চলাকালে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করলে তাকে বদলি করে মাঠের বাইরে নেওয়া হয়।

জানা গেছে, একই হ্যামস্ট্রিংয়ের সমস্যায় আগেও ভুগেছেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার। ফলে বিশ্বকাপের আগে তার চোট আর্জেন্টিনা দলের জন্য নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি খুব শিগগিরই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন। বৃহস্পতিবার অথবা শুক্রবার স্কোয়াড প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

তবে আকুনার চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। কিন্তু আর্জেন্টিনা দলে একের পর এক ফুটবলারের ফিটনেস সমস্যা পরিস্থিতিকে জটিল করে তুলছে।

বর্তমানে চোটে ভুগছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, গঞ্জালো মন্তিয়েল ও লিওনেল মেসিও। যদিও এখন পর্যন্ত কেউই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েননি।

মেসি অবশ্য ক্লান্তির কারণে সতর্কতামূলক সিদ্ধান্তে মাঠ ছাড়েন বলে জানা গেছে। অন্যদিকে গোলরক্ষক মার্তিনেজ আঙুলের চোটে ভুগছেন। পাশাপাশি রোমেরো ও মন্তিয়েলের শারীরিক অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..