বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়, প্রথম দিনে কত আয় করলো?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৪, | ১৪:৪১:৩৮ |

মালয়ালম সিনেমার জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

গত ২১ মে মোহনলালের জন্মদিনে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৪৩ কোটি রুপির ব্যবসা করে। যা মালয়ালম সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়ে।

এর আগে শীর্ষে ছিল ‘এল২: এমপুরান’, যেটিও অভিনয় করেছিলেন মোহনলাল। ফলে মালয়ালম সিনেমার সবচেয়ে বড় দুই ওপেনিং এখন একই অভিনেতার দখলে।

২০১৩ সালে মুক্তির পরই জিতু জোসেফের মালয়ালম থ্রিলার ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে এর সিক্যুয়েলটিও ব্যাপক প্রশংসিত হয়। একইভাবে ব্যবসায়িক সাফল্য পায় হিন্দি রিমেক দুটিও। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে আছেন জর্জ, একজন সাধারণ কেব্‌ল ব্যবসায়ী। কিন্তু পরিবারকে বাঁচাতে তার বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারে কম মানুষই। এবার এসেছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’। মোহনলালের জন্মদিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

পরিচালক জিতু জোসেফের এই থ্রিলার মুক্তির পর থেকেই কেরলমসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দর্শকদের ভিড় দেখা গেছে। মিশ্র প্রতিক্রিয়া পেয়েও সিনেমাটি প্রমাণ করে দিয়েছে ‘জর্জকুট্টি’ চরিত্রের জনপ্রিয়তা এখনো অটুট।

ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে ছবিটির আয় হয়েছে প্রায় ১৮ দশমিক ৩৭ কোটি রুপি গ্রস। বিদেশি বাজার থেকে এসেছে আরো প্রায় ২৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনের বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৩৭ কোটি রুপিতে।

‘জর্জকুট্টি’ কেন এত জনপ্রিয়?

ভারতীয় মূলধারার সিনেমায় সাধারণত নায়ক মানেই শক্তিশালী, অ্যাকশনধর্মী চরিত্র। কিন্তু জর্জকুট্টি সম্পূর্ণ আলাদা। তিনি না পুলিশ, না গ্যাংস্টার, না সুপারহিরো। তিনি এক সাধারণ পরিবারপ্রেমী মানুষ, যিনি বুদ্ধি দিয়ে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেন।

এই মানবিক দিকটাই চরিত্রটিকে দর্শকদের কাছে বাস্তব করে তুলেছে। ফলে এক দশকের বেশি সময় পেরিয়েও মানুষ এখনো জর্জকুট্টির গল্প দেখতে আগ্রহী। এখন দেখার বিষয়, মুখে মুখে প্রচার কতটা ইতিবাচক থাকে এবং দ্বিতীয় সপ্তাহেও ছবিটি একই গতি ধরে রাখতে পারে কি না। তবে একটি বিষয় স্পষ্ট, জর্জকুট্টি এখনো হারিয়ে যায়নি; বরং সময়ের সঙ্গে সে ভারতীয় জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..