যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্য সাময়িকী ফোর্বসের প্রকাশিত ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটদের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা চতুর্থবার এবং সব মিলিয়ে ষষ্ঠবার এই কৃতিত্ব অর্জন করলেন পর্তুগিজ তারকা ফুটবলার।
গত এক দশকে রোনালদোর ক্লাব বদলেছে একাধিকবার। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর তিনি যোগ দেন জুভেন্টাসে। পরে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, আর বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তবে ক্লাব পাল্টালেও তাঁর আয়ের ধারা থামেনি।
ফোর্বসের তথ্য অনুযায়ী, গত ১২ মাসে কর ও এজেন্ট ফি বাদ দিয়ে রোনালদোর মোট আয় প্রায় ৩০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮৩ কোটি টাকার সমান। এর মধ্যে আল নাসরের সঙ্গে চুক্তি থেকে তিনি পেয়েছেন প্রায় ২৩ কোটি ৫০ লাখ ডলার। বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার এসেছে বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, লাইসেন্সিং, স্মারক বিক্রি এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম থেকে।
এই অর্জনের মাধ্যমে রোনালদো সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকায় ষষ্ঠবার শীর্ষে উঠে কিংবদন্তি বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের পাশে জায়গা করে নিয়েছেন। এ ক্ষেত্রে তাঁদের ওপরে আছেন কেবল গলফ কিংবদন্তি টাইগার উডস, যিনি রেকর্ড ১১ বার তালিকার শীর্ষে ছিলেন।
রোনালদোর এবারের ৩০ কোটি ডলার আয় আরেকটি ঐতিহাসিক রেকর্ডও স্পর্শ করেছে। তিনি ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি বক্সার ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ২০১৫ সালের আয়ের রেকর্ড। ১৯৯০ সালে ফোর্বস অ্যাথলেটদের আয়ের তালিকা প্রকাশ শুরু করার পর এক বছরে এটিই যৌথভাবে সর্বোচ্চ আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। মুদ্রাস্ফীতি সমন্বয় করলে মেওয়েদারের সেই আয় বর্তমানে প্রায় ৪২ কোটি ৭০ লাখ ডলারের সমান।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। গত বছরে তাঁর আয় ছিল প্রায় ১৭ কোটি ডলার। তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, যিনি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। তাঁর মোট আয় প্রায় ১৪ কোটি ডলার।
ফোর্বস জানিয়েছে, এবার শীর্ষ ১০ অ্যাথলেট সম্মিলিতভাবে আয় করেছেন প্রায় ১৪০ কোটি ডলার। এটি ২০২৫ সালের তুলনায় কিছুটা বেশি এবং ২০১৬ সালের মোট আয়ের দ্বিগুণেরও বেশি। উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালেই প্রথমবার সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকায় শীর্ষে উঠেছিলেন রোনালদো। সে সময় তাঁর আয় ছিল প্রায় ৮ কোটি ৮০ লাখ ডলার।
প্রতিবেদন অনুযায়ী, গত আট বছরে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ৫০ জন অ্যাথলেটের সম্মিলিত আয় ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৮ সালে তাঁদের মোট আয় ছিল ২৬০ কোটি ডলার, যা ২০২৫ সালে গিয়ে দাঁড়ায় ৪২০ কোটি ডলারে। তবে এবার সেই প্রবৃদ্ধিতে কিছুটা ধীরগতি দেখা গেছে। গত ১২ মাসে শীর্ষ ৫০ অ্যাথলেটের মোট আয় হয়েছে আনুমানিক ৪১০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কম।
এই মোট আয়ের মধ্যে মাঠের বেতন, বোনাস ও প্রাইজমানি থেকে এসেছে প্রায় ৩০০ কোটি ডলার। আর বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, স্মারক বিক্রি ও অন্যান্য ব্যবসা থেকে এসেছে আরও ১১০ কোটি ডলার। তবুও, ফোর্বসের মতে এটি এখনো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড।
এবারের তালিকায় ১৮টি দেশের এবং আটটি ভিন্ন খেলার অ্যাথলেট জায়গা পেয়েছেন। সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব ছিল বাস্কেটবলের, যেখান থেকে ২০ জন অ্যাথলেট তালিকায় স্থান করে নিয়েছেন। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ছাড়া শীর্ষ দশে জায়গা পাওয়া একমাত্র ফুটবলার হলেন করিম বেনজেমা, তিনি বর্তমানে সৌদি ক্লাব আল হিলালের হয়ে খেলছেন।
এ জাতীয় আরো খবর..