✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ২১:৪৫:৫৪ |দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আবারও বড় কোনো শিরোপা জিতল ফরাসি ক্লাব লঁস। দুর্দান্ত পারফরম্যান্সে নিসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফরাসি কাপের শিরোপা ঘরে তুলেছে দলটি।
শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লঁস। ম্যাচের ২৪তম মিনিটে দলকে এগিয়ে দেন ফ্লোরিয়ান তুভাঁ। ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড পুরো ম্যাচেই ছিলেন দারুণ ছন্দে।
প্রথম গোলের পর দ্বিতীয় গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তুভাঁ। ম্যাচের ৪১তম মিনিটে তাঁর নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন ওদসন এদুয়া। তাতেই প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় লঁস।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে একটি গোল শোধ করে নিস। এতে ম্যাচে ফেরার আশা জাগলেও দ্বিতীয়ার্ধে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি।
বরং নির্ধারিত সময়ের মাত্র ১২ মিনিট বাকি থাকতে বদলি খেলোয়াড় আব্দাল্লাহ সিমা গোল করে লঁসের জয় প্রায় নিশ্চিত করে দেন। তাঁর গোলের পরই গ্যালারিতে উপস্থিত প্রায় ৫০ হাজার লঁস সমর্থক উল্লাসে ফেটে পড়েন।
এই শিরোপা লঁসের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ১৯৯৯ সালে লিগ কাপ জয়ের পর এটিই তাদের প্রথম বড় কোনো ট্রফি। দীর্ঘদিনের অপেক্ষার পর এমন সাফল্যে উচ্ছ্বসিত পুরো ক্লাব ও সমর্থকেরা।
এবারের মৌসুমটিও দারুণ কাটিয়েছে লঁস। ১৯৯৮ সালে একমাত্রবারের মতো ফরাসি লিগ জেতা দলটি চলতি মৌসুমে লিগ আঁতে রানার্স-আপ হয়েছে। তার সঙ্গে যোগ হলো ফরাসি কাপের শিরোপা।
অন্যদিকে, ফাইনালে হেরে হতাশার মধ্যে পড়েছে নিস। এখন ফরাসি শীর্ষ লিগে টিকে থাকার লড়াইয়ে নামতে হবে দলটিকে। নিজেদের অবস্থান ধরে রাখতে আগামী ২৬ ও ২৯ মে দুই লেগের প্লে-অফ ম্যাচে লিগ টুর ক্লাব সাঁত এতিয়েনের মুখোমুখি হবে তারা।