লঙ্কা প্রিমিয়ার লিগে একই দলে খেলবেন সাকিব ও তাসকিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ২১:৪৪:৪৯ |

আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরে জাফনা কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। একই দলে তার সঙ্গী হচ্ছেন পেসার তাসকিন আহমেদ। লঙ্কান এই ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে টুর্নামেন্ট কর্তৃপক্ষ সাকিবের অন্তর্ভুক্তি প্রকাশ করে জানিয়েছে, টি-টোয়েন্টির অন্যতম সেরা এই অলরাউন্ডারের অভিজ্ঞতা ও চাপের মুখে শান্ত থাকার ক্ষমতাই জাফনা কিংসের মূল ভরসা হয়ে উঠবে। অন্যদিকে, গত আসরে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলা তাসকিন আহমেদকে দলে নেওয়ার প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি এই পেসারের উপস্থিতিতে জাফনার পেস আক্রমণ এখন আরও শক্তিশালী ও গতিময় হবে।

দীর্ঘ বিরতির পর এই টুর্নামেন্টের মাধ্যমেই আবারও চেনা ছন্দে ফিরছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, যিনি সর্বশেষ গত জানুয়ারিতে আইএলটি-টোয়েন্টিতে অংশ নিয়েছিলেন। এর আগে ২০২৩ সালের এলপিএলে গল টাইটানসের হয়ে বল ও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন তিনি।

টুর্নামেন্টের অন্যতম সফল দল জাফনা কিংস এবার সাকিব-তাসকিন ছাড়াও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লঙ্কান তারকা ভানুকা রাজাপাকসা ও দুনিথ ওয়েলালাগেকে। গত দুই বছর বন্ধ থাকার পর আগামী ১৭ জুলাই থেকে পর্দা উঠছে এলপিএলের এবারের আসরের। কলম্বোয় উদ্বোধনী ম্যাচেই গল মার্ভেলসের মুখোমুখি হবে সাকিব ও তাসকিনের জাফনা কিংস। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..