বিশ্বকাপের মঞ্চে থাকছেন না যেসব তারকা ফুটবলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ২১:৪২:২২ |

বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে ইতোমধ্যে ফুটবল বিশ্বে উত্তেজনা তুঙ্গে। বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে জমজমাট এক আসরের অপেক্ষায় কোটি কোটি সমর্থক। তবে এবারের বিশ্বকাপে দেখা যাবে না বেশ কয়েকজন তারকা ফুটবলারকে। কেউ ছিটকে গেছেন চোটে, আবার কেউ দেশের ব্যর্থতার কারণে বিশ্বকাপে জায়গা পাননি।

ফ্রান্সের ক্লাব প্যারিসের অন্যতম সেরা তারকা খভিচা কভারাতসখেলিয়া বিশ্বকাপে খেলতে পারছেন না, কারণ তার দেশ জর্জিয়া বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হয়েছে। ইউরোপের অন্যতম  উইঙ্গার হিসেবে পরিচিত এই ফুটবলার ইউরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও বিশ্বকাপের স্বপ্ন এবারও অপূর্ণ রয়ে গেল।

পোল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির জন্যও এটি বড় হতাশার। বাছাইপর্বে ব্যর্থ হওয়ার পর চোখের জল নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ৩৭ বছর বয়সী এই তারকার জন্য এটিই সম্ভবত শেষ বিশ্বকাপ খেলার সুযোগ ছিল। জাতীয় দলের হয়ে ১৬৫ ম্যাচে ৮৯ গোল করা লেভানডফস্কি মাত্র দুইটি বিশ্বকাপে খেলতে পেরেছেন।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করতে পারেনি ইতালি। ফলে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা ও মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সান্দ্রো তোনালিকেও দেখা যাবে না বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে। প্লে-অফে হতাশাজনক বিদায়ের পর ইতালির গণমাধ্যম একে ‘বিশ্বকাপ অভিশাপ’ বলেও উল্লেখ করেছে।

আফ্রিকার শক্তিশালী দল নাইজেরিয়ার ব্যর্থতাও বড় ধাক্কা হয়ে এসেছে ফুটবলপ্রেমীদের জন্য। দলটির দুই সেরা আক্রমণভাগের ফুটবলার ভিক্টর ওসিমেন ও আদেমোলা লুকমান এবার বিশ্বকাপে খেলতে পারবেন না। আফ্রিকা অঞ্চলের প্লে-অফে কঙ্গোর কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় নাইজেরিয়ার। টানা দুই বিশ্বকাপে না থাকা দেশটির জন্য এটি ৩৬ বছরের মধ্যে প্রথম ঘটনা।

ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড উগো একিতিকের বিশ্বকাপ অভিষেকের স্বপ্ন ভেঙে গেছে গুরুতর চোটে। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গিয়ে চোট পান তিনি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। দুর্দান্ত মৌসুম কাটানোর পর জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল এই ফরোয়ার্ডের।

ব্রাজিলও বড় ধাক্কা খেয়েছে কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটে। তরুণ সেনসেশন এস্তেভাও হ্যামস্ট্রিংয়ের মারাত্মক চোটে ছিটকে গেছেন। ইংল্যান্ডে অভিষেক মৌসুমেই নজর কাড়েন এই উইঙ্গার। অন্যদিকে রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগোর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তাকেও পাওয়া যাবে না বিশ্বকাপে। ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা এই ফরোয়ার্ড দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে।

নেদারল্যান্ডসের মাঝমাঠের ভরসা জাভি সিমন্সও ছিটকে গেছেন লিগামেন্টের চোটে। ক্লাবের হয়ে খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে পড়েন তিনি। আসন্ন বিশ্বকাপে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার কথা ছিল তার।

বিশ্বকাপ খেলতে পারছেন না ক্যামেরুনের ফরোয়ার্ড ব্রায়ান এমবেউমোও। আফ্রিকার বাছাইপর্বে বাদ পড়েছে ক্যামেরুন। ফলে ইংল্যান্ডের ক্লাবে দারুণ মৌসুম কাটিয়েও বিশ্বকাপ দেখা হবে টেলিভিশনের পর্দায়।

এছাড়া স্পেনের মাঝমাঠের ফুটবলার ফেরমিন লোপেজ পায়ের চোটে বাদ পড়েছেন। জার্মানির সার্জ গনাব্রি উরুর চোটে ছিটকে গেছেন। জাপানের তাকুমি মিনামিনো ও কাওরু মিতোমাও গুরুতর চোটে বিশ্বকাপ মিস করছেন।

ইংল্যান্ড দলে জায়গা হয়নি ফিল ফোডেন ও কোল পামারের। হতাশাজনক মৌসুমের কারণে তাদের বাদ দেওয়া হয়েছে। ব্রাজিল দল থেকেও বাদ পড়েছেন এদের মিলিতাও, জোয়াও পেদ্রো ও রিচার্লিসন।

এদিকে স্লোভেনিয়া বিশ্বকাপে জায়গা না পাওয়ায় গোলরক্ষক ইয়ান ওবলাক থাকছেন না এবারের আসরে। একইভাবে হাঙ্গেরির ব্যর্থতায় বিশ্বকাপ মিস করছেন ডমিনিক সোবোস্লাইও।

বিশ্বকাপের আগে এত তারকার অনুপস্থিতি নিঃসন্দেহে ফুটবলপ্রেমীদের জন্য বড় হতাশার খবর। তবুও নতুন তারকাদের উত্থান আর পুরোনোদের শেষ লড়াইয়ে জমজমাট এক আসরের অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..