বিশ্বকাপের আগে ঘানাকে হারিয়ে শক্তির জানান দিল মেক্সিকো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ২১:৩৬:১৯ |

বিশ্বকাপ শুরুর আর তিন সপ্তাহও বাকি নেই। তার আগেই প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিল সহ-আয়োজক মেক্সিকো। পুয়েবলাতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

যদিও পুয়েবলা বিশ্বকাপের আয়োজক শহরগুলোর একটি নয়, তবুও কুয়াউতেমক স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। সবুজ জার্সি পরা হাজারো সমর্থকের উপস্থিতিতে পুরো ম্যাচজুড়ে ছিল তুমুল উচ্ছ্বাস। তবে গ্যালারির কিছু অংশ ফাঁকা ছিল ফিফার নিষেধাজ্ঞার কারণে। আগের কয়েকটি ম্যাচে বৈষম্যমূলক স্লোগানের অভিযোগ ওঠায় স্টেডিয়ামের নির্দিষ্ট অংশে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। মাত্র দ্বিতীয় মিনিটেই বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে দলকে এগিয়ে দেন ব্রায়ান গুতিয়েরেস। গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে স্বাগতিকরা।

প্রথমার্ধে তরুণ লিগা এমএক্স তারকা গিল মোরা পোস্টে বল মারেন। এছাড়া আলেক্সিস ভেগার একটি হেড গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবুও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি মেক্সিকোর কাছেই।

চোট কাটিয়ে ফেরার পর জাতীয় দলে প্রথম ম্যাচ খেলেন গিল মোরা। তাকে নিয়ে ম্যাচ শেষে উচ্ছ্বসিত প্রশংসা করেন মেক্সিকো কোচ হাভিয়ের আগিরে। তিনি জানান, সে ভিন্ন ধরনের খেলোয়াড়। সে সাহসী, সরাসরি আক্রমণে যায় এবং দারুণ উদ্যম নিয়ে খেলে। সবচেয়ে বড় বিষয় হলো, সে এখন ব্যথামুক্ত অবস্থায় ফিরেছে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ঘানা ম্যাচে ফেরার চেষ্টা করে। মেক্সিকোর গোলরক্ষককে দুবার কঠিন সেভ করতে হয়। একবার ক্রসবারেও আঘাত হানে আফ্রিকার দলটি। তবে গোলের দেখা পায়নি তারা।

৫৪তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় গিয়ের্মো মার্তিনেস। সেই গোলেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ঘানা।

এই ম্যাচে ইউরোপভিত্তিক কয়েকজন ফুটবলারকেও মাঠে নামান আগিরে। লুইস শাভেজ, এদসন আলভারেস ও হোর্হে সানচেজ দ্বিতীয়ার্ধে খেলেন। আগামী ১ জুন বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে মেক্সিকো।

দল নির্বাচন নিয়ে আগিরে বলেন, এটাই আমার কাজের সবচেয়ে কঠিন অংশ। তবে খেলোয়াড়রা যেভাবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে, সেটি আমাকে সন্তুষ্ট করছে। আমরা সব ধরনের সম্ভাবনা বিবেচনা করছি।

বিশ্বকাপের আগে এই জয় মেক্সিকোর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। আর ঘানার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে সমর্থকদের মধ্যেও বাড়ছে আশার পারদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..