✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ২১:৩৫:২৭ |বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ সাফল্যের পর এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো সিক্যুয়েল ‘মাইকেল ২’। কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীচিত্র ‘মাইকেল’-এর রেকর্ড সাফল্যের পর প্রযোজনা সংস্থা লায়ন্সগেট এই দ্বিতীয় পর্বের ঘোষণা দেয়।
প্রথম ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তার ভাইপো জাফর জ্যাকসন। প্রথম কিস্তিতে যেখানে গল্প শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে সিক্যুয়েলের কাহিনি। এতে পপসম্রাটের জীবনের বাকি অধ্যায় এবং অজানা দিকগুলো তুলে ধরা হবে বলে জানা গেছে।
২১ মে লায়ন্সগেটের এক বৈঠকে মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানান, ‘মাইকেল ২’-এর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। স্টুডিওর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে ছবিটির প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে।
জানা গেছে, এই ফুটেজগুলোর বেশিরভাগই প্রথমে সম্ভাব্য তৃতীয় পর্বের জন্য ধারণ করা হয়েছিল। পরে আইনি ও সৃজনশীল পরিবর্তনের কারণে সেগুলো দ্বিতীয় পর্বে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম ছবির ক্লাইম্যাক্সে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা শিশু নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ ছিল। তবে জর্ডান চ্যান্ডলারের সঙ্গে হওয়া একটি পূর্ববর্তী আইনি সমঝোতার শর্ত অনুযায়ী নির্মাতাদের সেই বিতর্কিত অংশ বাদ দিতে হয় এবং ক্লাইম্যাক্স পুনরায় শুট করতে হয়েছে। সেই অব্যবহৃত অংশের কিছু দৃশ্য এখন ‘মাইকেল ২’-এ ব্যবহার করা হতে পারে।
প্রথম ছবিতে মূলত মাইকেল জ্যাকসনের শৈশব থেকে শুরু করে ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের সময় এবং বিশ্বজুড়ে তার খ্যাতি অর্জনের গল্প দেখানো হয়। তবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ‘ব্যাড ওয়ার্ল্ড ট্যুর’-এর সময়েই ছবির প্রথম অংশের সমাপ্তি ঘটে।
নির্মাতা অ্যাডাম ফোগেলসন জানিয়েছেন, সিক্যুয়েলের গল্প কোনো সরল সময়রেখা অনুসরণ করবে না; বরং প্রয়োজন অনুযায়ী অতীত ও বর্তমানের মধ্যে সময়ের লাফ থাকবে।
‘মাইকেল’ বিশ্বব্যাপী বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছে। মুক্তির পর এটি ২১৭ মিলিয়ন ডলারের বেশি আয় করে রেকর্ড গড়ে। ইতিবাচক দর্শক প্রতিক্রিয়ার কারণে সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করছে।
ভারতেও ছবিটি ভালো সাড়া ফেলেছে। রিপোর্ট অনুযায়ী, সেখানে এর মোট আয় ৭৪.৩২ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
এবার দর্শকদের অপেক্ষা ‘মাইকেল ২’-এর জন্য, যেখানে জাফর জ্যাকসনের অভিনয়ে আবারও ফুটে উঠবে কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবনের আরও অজানা অধ্যায়।