হালান্ডদের পেছনে ফেলে মৌসুমসেরা ব্রুনো ফার্নান্দেজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ২১:২১:৪৯ |

ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ জিতেছেন প্রিমিয়ার লিগের মৌসুমসেরা ফুটবলারের পুরস্কার। দুর্দান্ত পারফরম্যান্সে দলকে লিগের তৃতীয় স্থানে তুলে আনার পাশাপাশি সহায়তার রেকর্ড ছুঁয়ে এই স্বীকৃতি পেলেন পর্তুগিজ মাঝমাঠের তারকা।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ২০টি গোলের সহায়তা করেছেন ব্রুনো। এর মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ সহায়তার রেকর্ড স্পর্শ করেছেন। এর আগে এই রেকর্ড ছিল আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি এবং ম্যানচেস্টার সিটির সাবেক প্লেমেকার কেভিন ডি ব্রুইনার দখলে।

মৌসুমসেরা হওয়ার দৌড়ে ব্রুনোর সঙ্গে ছিলেন আর্সেনালের গ্যাব্রিয়েল, দাভিদ রায়া ও ডেকলান রাইস, ম্যানচেস্টার সিটির এরলিং হালান্ড, নটিংহ্যাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইট, ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো এবং আঁতোয়ান সেমেনিও।

চলতি মৌসুমে সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন ব্রুনো। তার তৈরি করা সুযোগের সংখ্যা ১৩২। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের ডমিনিক সোবোসলাই তৈরি করেছেন ৮৯টি সুযোগ।

এর আগে চলতি মাসেই ফুটবল লেখক সমিতির বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন ব্রুনো। এছাড়া পঞ্চমবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের ‘স্যার ম্যাট বাসবি বর্ষসেরা খেলোয়াড়’ পুরস্কারও নিজের করে নিয়েছেন তিনি।

মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড। সেই ম্যাচে আর একটি সহায়তা করতে পারলেই প্রিমিয়ার লিগের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ সহায়তার রেকর্ড গড়বেন ব্রুনো ফার্নান্দেজ।

এরপর বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে খেলবেন এই মাঝমাঠের তারকা। আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। পরে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..