রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ডুফার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২২, | ২৩:৩৪:১২ |
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা), সেশন ৯৫-৯৬। আজ শুক্রবার সকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য, (টিএসসি) চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক খান মেজবাউল আলম টুটুল। বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি সারওয়ার হিমন সহ আরো অনেকে। 

বক্তারা বলেন, সম্প্রতি মিরপুরের ৮ বছরের ছোট্ট শিশু রামিসার ওপর যে নির্মম পাশবিকতা ও নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা আমাদের বিবেককে স্তব্ধ করে দিয়েছে। এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, সমাজের নারী শিশুদের উপর নৃশংসতার লাগাতার উদাহরণ। নিজেদের সন্তান সহ সমাজের সার্বিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবিত করছে, সমাজ পরিবর্তনে উদ্যোগী হতে তাড়িত করছে। এটি আমাদের নিজেদের অস্তিত্ব ও বিবেকের লড়াই। 

বক্তারা রামিসা হত্যাকাণ্ডের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের জন্য যেমন দাবী তুলেন তেমনি দেশের পুলিসি, আইনি ও বিচারিক কাঠামো ও ব্যবস্থাপনার আমূল পরিবর্তনও চান। যাতে মিথ্যা, হয়রানি ও দুর্নীতির উদ্দেশ্যে করা মামলা বিচারিক ব্যবস্থাকে পর্যুদস্ত না করা হয়।  জনগণ সহজে ন্যায় ও দ্রুত বিচার পান। 

বক্তারা মনে করিয়ে দেন জাস্টিস ডিলেয়েড ইস জাস্টিস ডিনাইড। ন্যায় ও দ্রুত বিচার সহ জনগণের মৌলিক অধিকার ঘোষণা করার দাবিও জানানো হয়। 

দোষীদের সাথে সাথে প্রশাসন, আইন ও বিচারিক কার্যক্রমের সাথে যুক্ত দুর্নীতিগ্রস্ত ব্যাক্তিদেরও চিহ্নিতকরণ ও অপসারণের দাবি জানানো হয় যাতে বিচারিক প্রক্রিয়ার উপর জনগণের শ্রদ্ধা ও ভরসা ফিরে আসে। দেশে শত শত ধর্ষণ হত্যার মতো যে ঘটনা ঘটছে তার বিপরীতে কতজনের শাস্তি সম্পন্ন হয়েছে তার তালিকা প্রকাশ করার দাবীও তোলা হয়। 

ন্যায় অন্যায় এর ফারাক, নীতিনৈতিকতা, আর অন্যায় করলে যে পালিয়ে থাকা যাবে না, অপকর্মের যে পরিনাম আছে এ ধারণাটি সকলের মধ্যে থাকতে হবে বলে বক্তারা মনে করেন। তবেই দেশে ন্যায়সঙ্গত মানবিক ও সহজ সমাজব্যবস্থা গড়ে উঠবে বলে বক্তারা মনে করেন। 

দেশ ও সমগ্র বিশ্ব এখন যে অস্থির সময় পার করছে তার অবসান চেয়ে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা), বিশ্ববিদ্যালয়টির সেশন ৯৫-৯৬ শিক্ষার্থীদের একটি বন্ধু সংগঠন।  সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্ত ইনস্টিটিউটগুলোর ৪,৩০০ শিক্ষার্থী ও তাদের পরিবারগুলোকে প্রতিনিধিত্ব করে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..