বিশ্বকাপে স্পেনের সর্বকনিষ্ঠ হ্যাটট্রিকম্যান হতে চান ইয়ামাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৮:১৭:০১ |

লামিনে ইয়ামাল ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের লক্ষ্যও পরিষ্কার করে জানিয়েছেন এই স্প্যানিশ তরুণ তারকা। তার ইচ্ছা, বিশ্বকাপে স্পেনের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়া।

আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। টুর্নামেন্ট চলাকালেই ১৯ বছরে পা দেবেন ইয়ামাল। বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে থাকলেও, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার আশা রয়েছে এই বার্সেলোনার উইঙ্গারের।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেনের আরেক তরুণ মিডফিল্ডার গাভির বিশ্বকাপ রেকর্ড প্রসঙ্গেও কথা বলেন ইয়ামাল। ২০২২ বিশ্বকাপে কোস্টা রিকার বিপক্ষে গোল করে গাভি হয়েছিলেন স্পেনের সর্বকনিষ্ঠ এবং বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় কনিষ্ঠ গোলদাতা।

সেই প্রসঙ্গ টেনে ইয়ামাল বলেন,‘ইউরোর পর থেকে গাভি মজা করে বলে আসছে, এটাই সেই রেকর্ড যা তার কাছ থেকে আমি কেড়ে নিতে পারব না। তাই আমাকে এর চেয়েও ভালো কিছু করতে হবে- বিশ্বকাপে সর্বকনিষ্ঠ স্প্যানিশ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করতে হবে। যদি দ্বিতীয়বার বল জালে পাঠাতে পারি, তাহলে হয়তো গাভিকে একটু শ্রদ্ধা জানাব, কারণ সে একটি গোলই করেছে, তবে আমার লক্ষ্য থাকবে তিনটি।’

স্পেনের জার্সিতে বিশ্বকাপে এখন পর্যন্ত হ্যাটট্রিক করেছেন মাত্র দুই ফুটবলার। ১৯৮৬ বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে চার গোল করেছিলেন এমিলিও বুত্রাগুয়েনো। আর ১৯৯০ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দলের তিন গোলই করেছিলেন মিচেল। তবে তাদের কেউই ২৫ বছরের আগে এই কীর্তি গড়তে পারেননি।

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখছেন ইয়ামাল। স্পেনকে চ্যাম্পিয়ন হিসেবে দেখার আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন তিনি।

ইয়ামাল বলেন,‘আশা করি (স্পেন শিরোপা জিতবে)। আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার হবে। রেফারি শেষ বাঁশি বাজাবেন এবং আমরা জিতে যাব। জানি না কত গোলে, কিন্তু আমরা চ্যাম্পিয়ন হব। তারপর স্পেনে ফিরে সমর্থকদের সঙ্গে উদযাপন করব। সেটা হবে স্পেশাল মুহূর্ত।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..