বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও তার স্বামী জ্যাকি ভগনানীকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি তাঁদের দাম্পত্য সম্পর্ককে ‘সিচুয়েশনশিপ’ বলে উল্লেখ করায় সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই সম্পর্কে প্রতারণা নিয়ে রাকুলের মন্তব্য ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক।
সম্প্রতি নিজের নতুন ছবি প্রচারে এসে রাকুল বলেন, “সম্পর্কে একবার প্রতারণা হলে সেটা ক্ষমা করে দেওয়াই উচিত। কারণ জীবন অনেক বড়।” অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাঁর বক্তব্যকে পরিণত দৃষ্টিভঙ্গি বলছেন, আবার অনেকেই সম্পর্কের ক্ষেত্রে প্রতারণাকে কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছেন।
প্রসঙ্গত, দিন কয়েক আগে জ্যাকি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “বিয়ের পরেও আমরা সিচুয়েশনশিপে আছি।” তাঁর এই মন্তব্য ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত। পরে পরিস্থিতি সামাল দিতে লাইভে এসে রাকুল জানান, জ্যাকি আসলে ‘জেন-জি’দের ভাষা নকল করতে গিয়ে ভুলভাবে শব্দটি ব্যবহার করেছিলেন।
এদিকে ছবির প্রচারে রকুলের সঙ্গে উপস্থিত ছিলেন সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা। সেখানে সারা স্পষ্ট জানান, তিনি সম্পর্কে প্রতারণা কোনওভাবেই মেনে নিতে পারেন না। অন্যদিকে আয়ুষ্মানও বলেন, “বিবাহিত জীবনে কিছু নিয়ম থাকে, সেখানে প্রতারণা গ্রহণযোগ্য নয়।”
তবে পরে নিজের বক্তব্য খানিকটা স্পষ্ট করে রাকুল বলেন, যদি সত্যিই কোনও মানুষ ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন, তাহলে শুধুমাত্র সেই একটি ভুলের জন্য পুরো জীবন নষ্ট করে দেওয়াও ঠিক নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, তাঁর নিজের দাম্পত্য জীবনে এমন কোনও সমস্যা নেই এবং তিনি সুখেই আছেন।
এ জাতীয় আরো খবর..