✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৪:০৫:৩৬ |২০২৬ ফুটবল বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হতেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মনে আবারও চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। বর্ধিত ফরম্যাটের এই মহাযজ্ঞে বরাবরের মতোই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তাদের মহাতারকা লিওনেল মেসি।
তবে এবার কেবল মেসির জাদু নয়, আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে এমন এক গোপন সুবিধার কথা সামনে আসছে যা প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে চরম ভীতি জাগানিয়া। আর সেই তাসের তাসটি অন্য কেউ নন, আলবিসেলেস্তেদের বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, তরুণ ও ক্ষিপ্র স্পেন, তারকাখচিত ফ্রান্স কিংবা অধরা ট্রফির খোঁজে থাকা ইংল্যান্ডের মতো পরাশক্তিদের ভিড়ে আর্জেন্টিনার নামটাই এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। আর এর পেছনে কাজ করছে একটি অবিশ্বাস্য পরিসংখ্যান, যা বারবার তাড়া করে বেড়াচ্ছে প্রতিপক্ষ দলগুলোকে। ফাইনালে বা বড় ম্যাচের চরম চাপের মুখেও এক নিখুঁত ও অপরাজিত রেকর্ড ধরে রেখেছেন আর্জেন্টিনার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা এই বাজপাখি।
মাঠে নিজের আক্রমণাত্মক মনোভাব এবং মনস্তাত্ত্বিক লড়াইয়ের জন্য মার্তিনেজ প্রায়শই ফুটবল বিশ্বে এক আলোচিত নাম। তবে মেসি যুগের আর্জেন্টিনায় সবচেয়ে কঠিন এবং অন্তিম মুহূর্তগুলোতে তার পারফরম্যান্স তাকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। যখনই ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে কিংবা ফাইনালের মতো অগ্নিপরীক্ষার মুখোমুখি হয়েছে দল, তখনই দেয়াল হয়ে দাঁড়িয়েছেন মার্তিনেজ। ফাইনালে কখনো না হারার এই মনস্তাত্ত্বিক সুবিধাই এবার ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হতে যাচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
অবশ্য মাঠের লড়াইয়ে কোনো পরিসংখ্যানই আগে থেকে ট্রফির নিশ্চয়তা দিতে পারে না। এবারের টুর্নামেন্টে দল সংখ্যা বেশি হওয়ায় এবং শীর্ষ দলগুলোর মধ্যকার ব্যবধান কমে আসায় প্রতি পদক্ষেপে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তবে আর্জেন্টিনা যদি আরও একবার সব বাধা পেরিয়ে ফাইনালের মঞ্চে পা রাখতে পারে, তবে স্পটলাইট নিশ্চিতভাবেই থাকবে সেই গোলরক্ষকের ওপর যিনি আজ পর্যন্ত ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে পরাজয়ের স্বাদ পাননি। মার্তিনেজের এই অপরাজেয় ধারা যদি বজায় থাকে, তবে তা আর্জেন্টিনাকে কেবল চতুর্থ বিশ্বকাপ ট্রফিই এনে দেবে না, বরং তাকেও বসিয়ে দেবে ফুটবলের চিরন্তন কিংবদন্তিদের সারিতে।