বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করা ফ্রিডা ম্যাকফ্যাডেনের বেস্টসেলার উপন্যাস এবং বক্স-অফিস কাঁপানো সিনেমা ‘দ্য হাউসমেইড’ এবার মঞ্চ নাটকে রূপ নিতে যাচ্ছে। হলিউডের বিখ্যাত স্টুডিও লায়ন্সগেট তাদের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটিকে থিয়েটারে নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
ব্রডওয়ের বিখ্যাত নাটক ‘লাইফ অফ পাই’ ও ‘দ্য নোটবুক’-এর সাথে যুক্ত থাকা ব্রিটিশ প্রযোজনা সংস্থা ও নাট্যকাররা এই নাটকটি তৈরির দায়িত্ব পেয়েছেন। তবে নাটকটি কবে নাগাদ মঞ্চে আসবে, তার সময়সূচী এখনো চূড়ান্ত হয়নি।
সম্প্রতি সিডনি সুইনি ও অ্যামান্ডা সাইফ্রিড অভিনীত ‘দ্য হাউসমেইড’ সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ৪ হাজার কোটি টাকা) আয় করে এক অপ্রত্যাশিত সাফল্য পায়। মাত্র ৩৫ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমাটি লায়ন্সগেট স্টুডিওর জন্য অন্যতম লাভজনক একটি প্রজেক্টে পরিণত হয়েছে।
এই সাফল্যের ধারাবাহিকতায় সিনেমার সিক্যুয়েল ‘দ্য হাউসমেইড'স সিক্রেট’-এর নির্মাণকাজ এই বছরের শেষের দিকে শুরু হবে এবং ২০২৭ সালের ১৭ই ডিসেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘দ্য হাউসমেইড’ গল্পটি মূলত এক রহস্যময় তরুণীকে কেন্দ্র করে, যে এক অত্যন্ত ধনী পরিবারে গৃহপরিচারিকা (হাউসমেইড) হিসেবে কাজ শুরু করে। বাইরে থেকে সেই ধনী স্বামী-স্ত্রীর জীবনটা নিখুঁত ও সুখী মনে হলেও, ভেতরে লুকিয়ে আছে অন্ধকার সব রহস্য। মঞ্চ সংস্করণটি মূল উপন্যাস এবং সিনেমা- উভয়ের ওপর ভিত্তি করেই তৈরি হবে।
তবে জানা গেছে, বই ও সিনেমার গল্পের মধ্যে মিল থাকলেও শেষের দিকে কিছুটা পার্থক্য থাকবে।
প্রযোজক ও নাট্যকারদের মতে, এই গল্পের বেশিরভাগ ঘটনাই একটি আবদ্ধ ঘরের ভেতর ঘটে, যা নাটক মঞ্চায়নের জন্য একদম নিখুঁত। এ ছাড়া গল্পের ভেতরের ঈর্ষা, আকাঙ্ক্ষা, মানসিক আঘাত ও একের পর এক চমকে দেওয়া মোড় দর্শকদের সরাসরি এক টানটান উত্তেজনার অভিজ্ঞতা দিবে।
সূত্র : ভ্যারাইটি