✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৭, | ২২:০৯:৪৭ |ওয়াশিংটনের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই আসন্ন বিশ্বকাপে ইরান অংশ নেওয়ার বিষয়ে আস্থা প্রকাশ করেছে বলে জানিয়েছেন ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম।
স্থানীয় সময় শনিবার (১৬ মে) ইস্তাম্বুলে দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বার্তাসংস্থা রয়টার্সকে ম্যাটিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন।
ফিফা মহাসচিব বলেছেন, তিনি ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজের সঙ্গে একটি গঠনমূলক ও ইতিবাচক বৈঠক করেছেন। আমরা ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করছি এবং ফিফা বিশ্বকাপে তাদের স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।
ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রে খেলার কথা রয়েছে। কিন্তু ২৮ ফেব্রুয়ারি থেকে চলা সংঘাতের পর ইরান ওয়াশিংটনে যেতে অনীহা প্রকাশ করে। এমন পরিস্থিতিতে তেহরান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিল। তবে ফিফা সভাপতি এ প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
চলতি মাসে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে যোগদানের জন্য ফুটবল ফেডারেশন ইসলামিক রিপাবলিক অফ ইরান (এফএফআইআরআই)-এর সভাপতি তাজকে কানাডায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তাজের নেতৃত্বে এফএফআইআরআই-এর একটি প্রতিনিধিদল কানাডার অভিবাসন কর্মকর্তাদের দুর্ব্যবহারের কথা উল্লেখ করে টরন্টোর প্রধান বিমানবন্দরে পৌঁছানোর পরই ফিরে যায়। এমনকি ভ্যাঙ্কুভারে বিশ্বকাপের আগে অনুষ্ঠিতব্য ফিফার একটি সমাবেশে যোগ দিতে পারেনি। বৈধ ভিসা থাকা সত্ত্বেও তারা ‘অভিবাসন কর্মকর্তাদের অগ্রহণযোগ্য আচরণের’ অভিযোগ করেছে।
২০২৪ সালে, কানাডা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস(আইআরজিসি)-কে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে। কানাডা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসি-র সঙ্গে কথিত সম্পর্কের কারণেই তাজকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ইরানি প্রতিনিধিদলের কিছু সদস্যের জন্য সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা সৃষ্টি করেছে।
গ্রাফস্ট্রম ইরানের খেলোয়াড়দের ভিসার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন। তবে তুরস্কের ইস্তাম্বুলে উভয় পক্ষের কিছু কার্যনির্বাহী বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছিল এবং তাদের মধ্যে একটি ইতিবাচক মতবিনিময় হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে তাজ বলেছেন, গ্রাফস্ট্রম এবং ফিফার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে এফএফআইআরআই-এর একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।
তিনি বলেন, আমি আনন্দিত ইরানের উত্থাপিত ১০টি পয়েন্টের প্রতিটিই শুনেছেন এবং সেগুলোর প্রত্যেকটির সমাধান দিয়েছেন। আমি আশা করি, ইনশাআল্লাহ, আমাদের জাতীয় দল কোনো সমস্যা ছাড়াই বিশ্বকাপে যেতে পারবে এবং সেখানে খুব ভালো ফলাফল অর্জন করবে।
ইরানের খেলোয়াড়দের প্রবেশ এবং ভিসার ব্যবস্থা নিয়ে ফিফা কোনো আশ্বাস পেয়েছে কিনা জানতে চাইলে গ্রাফস্ট্রম বিস্তারিত বলতে রাজি হননি। তিনি বলেন, আমরা সমস্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমি মনে করি বিস্তারিত আলোচনার জন্য এটি সঠিক জায়গা নয়। সামগ্রিকভাবে এটি একটি অত্যন্ত ইতিবাচক বৈঠক ছিল এবং আমরা এই আলোচনা চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।
আগামী ১৫ই জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। গ্রুপ ‘জি’-তে তাদের বেলজিয়াম এবং মিশরের বিপক্ষেও খেলার কথা রয়েছে।