সরবরাহ সংকটে চার বছরের সর্বোচ্চে দস্তার দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৭, | ১৮:৪০:২৭ |
বিশ্ববাজারে দস্তার দাম বেড়ে প্রায় চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধান একটি পরিশোধনকারী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় ধাতুটির বাজারে এ অস্থিতিশীলতা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসে সরবরাহের চুক্তিতে গতকাল দস্তার দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। এ সময় প্রতি টনের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৬১৫ ডলারে। এদিন বেচাকেনার এক পর্যায়ে দস্তার দাম টনপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ৬৩৩ ডলার ৫০ সেন্টে পৌঁছেছিল, যা ২০২২ সালের আগস্টের পর সর্বোচ্চ।

বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, লাতিন আমেরিকার বৃহত্তম দস্তা পরিশোধনকারী পেরুর কাজামারকুইলাতে অগ্নিকাণ্ডের কারণে এর উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নেক্সা রিসোর্সেস। বছরে ৩ লাখ ৪৪ হাজার ৪০০ টন উৎপাদন সক্ষমতার এ কারখানার অবকাঠামো আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রোকার প্রতিষ্ঠান মারেক্স এক নোটে জানিয়েছে, কাজজিংক কারখানায় বিস্ফোরণ এবং কাজামারকুইলাতে অগ্নিকাণ্ডের ফলে বাজারের বিনিয়োগকারীরা ধারণা করছেন, দস্তার সরবরাহ যতটা পর্যাপ্ত ভাবা হয়েছিল, পরিস্থিতি আসলে ততটা অনুকূল নয়।

ইন্টারন্যাশনাল লিড অ্যান্ড জিংক স্টাডি গ্রুপের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর পরিশোধিত দস্তার বাজারে ১৯ হাজার টনের ঘাটতি দেখা দিতে পারে। বর্তমানে এলএমইর গুদামগুলোয় দস্তার যে মজুদ রয়েছে, তা দিয়ে বৈশ্বিক চাহিদার তিনদিনেরও কম সময় মেটানো সম্ভব।

অন্যদিকে টানা আটদিন বাড়ার পর আন্তর্জাতিক বাজারে তামার দাম কিছুটা কমেছে। গতকাল প্রতি টন তামার বেচাকেনা হয়েছে টনপ্রতি ১৪ হাজার ৩০ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ৯ শতাংশ কম। বুধবার আন্তর্জাতিক বাজারে ধাতুটির দাম টনপ্রতি ১৪ হাজার ১৯৬ ডলার ৫০ সেন্টে পৌঁছেছিল, যা গত ২৯ জানুয়ারির পর সর্বোচ্চ।

অন্য ধাতুর মধ্যে গতকাল অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে টনপ্রতি ৩ হাজার ৬৬৫ ডলার ৫০ সেন্টে পৌঁছেছে। এছাড়া এ সময় সিসার দাম দশমিক ১ শতাংশ বাড়লেও নিকেল ও টিনের দাম যথাক্রমে দশমিক ৭ ও দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..