সিলেট টেস্ট

দাপুটে দিন শেষে বাংলাদেশের লিড ১৫৬ রান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৭, | ১৮:১২:৫৬ |
তিন সেশনের দুটিতে ৪টি করে উইকেটের পতন, শেষটিতে ৫টি। ফলস্বরূপ দিনশেষে সংখ্যাটা থামে ১৩-তে। বোলারদের এমনই দাপুটে পারফরম্যান্সে দিনটা লেখা হয় বাংলাদেশের পক্ষেই। কারণ পতন হওয়া উইকেটের ১০টি ছিল পাকিস্তানের এবং বাকি ৩টি বাংলাদেশের।

সব মিলিয়ে আজ (১৭ মে) সিলেট টেস্টে ব্যাট-বল হাতে দারুণ একটি দিন পার করল বাংলাদেশ। স্বাগতিকরা পাকিস্তানের প্রথম ইনিংস থামিয়ে দেয় ২৩২ রানে। এরপর দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ১৫৬ রানের লিড নিয়ে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্ত নতুন সঙ্গীকে সঙ্গে নিয়ে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন। টাইগার অধিনায়ক অপরাজিত আছেন ১৩ রানে। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। প্রথম ইনিংসে স্বাগতিকরা অলআউট হয় ২৭৮ রানে।

দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তাদের শুরুটা হয় তানজিদ হাসান তামিমকে হারিয়ে। দলীয় ১৫ এবং ব্যক্তিগত ৪ রানে আউট হন এই তরুন ওপেনার। তাকে সৌদ শাকিলের ক্যাচ বানান খুররাম শেহজাদ।

এরপর মুমিনুল হককে নিয়ে দলের লিড বাড়াতে থাকেন মাহমুদুল। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি তুলে থামেন এই ওপেনার। দিন শেষ হওয়ার কিছুটা আগে পথ হারান মাহমুদুল। ৬৪ বলে ১০ চারে ৫২ রান এই ব্যাটারকে আব্দুল্লাহ ফজলের ক্যাচ বানান মোহাম্মদ আব্বাস।

শেষ বিকালে পথ হারান মুমিনুল (৩০)। খুররাম শেহজাদের সুইং বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপরই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..