সর্বশেষ :

ফ্রান্সে জন্ম, তবু বিশ্বকাপে খেলবেন মরক্কোর জার্সিতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৬, | ২৩:০৫:০৭ |

২০২২ বিশ্বকাপে চমক দেখানো মরক্কো এবারও নিজেদের শক্তি বাড়িয়ে নিচ্ছে। বিশ্বকাপের আগে আফ্রিকার দেশটি দলে ভিড়িয়েছে ফ্রান্সে জন্ম নেওয়া তরুণ ফুটবলার আয়ুব বুয়াদিকে। ১৮ বছর বয়সি এই মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের বদলে মরক্কোর প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে তিনি ফরাসি ক্লাব লিল’র হয়ে খেলছেন। তাঁকে ফরাসি ফুটবলের অন্যতম প্রতিভাবান তরুণ হিসেবে ধরা হয়। গত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি। মাত্র ১৬ বছর ৩ দিন বয়সে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় অভিষেক করে ইতিহাসও গড়েছিলেন এই মিডফিল্ডার।

বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন আয়ুব বুয়াদি। সম্প্রতি লুক্সেমবার্গের বিপক্ষে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাই ম্যাচে দলকে নেতৃত্বও দেন তিনি। তবে সিনিয়র পর্যায়ে খেলতে তিনি বেছে নিয়েছেন মরক্কোকে।

তার জাতীয়তা পরিবর্তনের আবেদন ইতিমধ্যেই অনুমোদন করেছে ফিফা। শুক্রবার মরক্কোর ফুটবল ফেডারেশন জানায়, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বার তাদের আবেদন মঞ্জুর করেছে। ফলে এখন থেকে সব আন্তর্জাতিক প্রতিযোগিতায় মরক্কোর হয়ে খেলতে পারবেন তিনি।

দ্বৈত নাগরিকত্ব থাকা ফুটবলারদের দলে টানার ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে সফল হয়েছে মরক্কো। এর আগে ইসা দিয়প ও রায়ানে বুনিদাকেও দলে ভিড়িয়েছে দেশটি।

মরক্কো ২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল। এবার বিশ্বকাপে তারা রয়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি। ফলে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছে মরক্কো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..