✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৬, | ২২:৪৫:৪৬ |অ্যান্টোইন সেমেনিওয়ার দুর্দান্ত ফ্লিকে পাওয়া একমাত্র গোলেই চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে ট্রেবল জয়ের আশা বাঁচিয়ে রাখল পেপ গুয়ার্দিওলার দল।
শনিবার ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে ১-০ গোলে জয় পায় সিটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আসে একমাত্র গোলটি, করেন সেমেনিও।
ইংল্যান্ডের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টে এটি ম্যানচেস্টার সিটির অষ্টম শিরোপা। এর আগে তারা সর্বশেষ এফএ কাপ জিতেছিল ২০২২-২৩ মৌসুমে।
২০১৮-১৯ ও ২০২২-২৩ মৌসুমের পর আবারও এফএ কাপ ও লিগ কাপের ডাবল জয়ের কৃতিত্ব অর্জন করল সিটি। একই সঙ্গে ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবার ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে তারা। যদিও প্রিমিয়ার লিগের শিরোপা এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। প্রথম ১০ মিনিটেই তিনটি শট নেয় তারা, যার দুটি ব্লক হয় এবং একটি রুখে দেন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ।
প্রথমার্ধের সেরা সুযোগ আসে ৪৩তম মিনিটে। দুরূহ কোণ থেকে আর্লিং হলান্ডের শট দারুণ রিফ্লেক্সে রুখে দেন সানচেজ।
দ্বিতীয়ার্ধের শুরুতে কাছ থেকে হেড মিস করেন সেমেনিও। এরপর কিছু সময় চেলসি ম্যাচে আধিপত্য দেখালেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
৭২তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সেমেনিও। হলান্ডের কাটব্যাক থেকে দারুণ ফ্লিকে বল জালে পাঠান তিনি।
এরপর সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল চেলসি। তবে এনজো ফার্নান্দেজ ও পেদ্রো নেতারা সুযোগ কাজে লাগাতে পারেননি। অন্যদিকে হলান্ড ও সেমেনিওরাও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন।
শেষ বাঁশি বাজার পর শিরোপা উদযাপনে মেতে ওঠে সিটি শিবির। আবেগঘন মুহূর্ত ছুঁয়ে যায় বার্নার্দো সিলভাকে, তিনি এই ম্যাচের মাধ্যমে ম্যানচেস্টার সিটির হয়ে শেষবারের মতো ওয়েম্বলিতে মাঠে নামেন।