✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৬, | ০০:২০:০৭ |আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমের আগে কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। এতে বেশ কয়েকজন ক্রিকেটার চুক্তি থেকে বাদ পড়ে যাওয়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে সেরা পারফর্মারদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রীয় চুক্তির বর্তমান আর্থিক মডেলের মেয়াদ আগামী মাসের ৩০ জুন শেষ হচ্ছে। ২০২৩ সালে পিসিবির সাবেক চেয়ারম্যান জাকা আশরাফের সময় প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই চুক্তি করা হয়েছিল।
শুক্রবার (১৫) দেশটির সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির অধীনে আর্থিক কাঠামোতে এখনও কোনো পরিবর্তন চূড়ান্ত করা হয়নি। সংশোধিত কাঠামো এবং ক্রিকেটারদের বিভাগ সংক্রান্ত চূড়ান্ত অনুমোদন যথাসময়ে নেওয়া হবে।
গত বছর পিসিবি ২০২৫-২৬ মৌসুমের জন্য ৩০ জন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়ের নাম ঘোষণা করে, এই চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়।
এছাড়াও চুক্তিতে প্রথমবারের মতো ‘এ’ বিভাগে কোনো খেলোয়াড়কে রাখা হয়নি, বরং বোর্ড খেলোয়াড়দের ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ বিভাগে ভাগ করে দিয়েছে। পূর্ববর্তী চক্রেও একটি বড় ধরনের রদবদল হয়েছিল, যেখানে ফাহিম আশরাফ, হাসান আলী, হুসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ এবং সুফিয়ান মুকিমসহ ১২ জন নতুন খেলোয়াড় কেন্দ্রীয় চুক্তির তালিকায় যুক্ত হয়েছিলেন।
পারফরম্যান্সের দিক থেকে, আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা এবং শাদাব খানের মতো বেশ কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক পারফরম্যান্সের সুবাদে ‘সি’ বিভাগ থেকে ‘বি’ বিভাগে পদোন্নতি পেয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক ফর্ম, ফিটনেসের মান এবং বিভিন্ন ফরম্যাটে ধারাবাহিকতার ওপর ভিত্তি করে সমন্বয় করে নতুন চুক্তির পথে হাঁটছে পিসিবি। আসন্ন সিদ্ধান্তগুলো নতুন চক্রের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের কাঠামোকে উল্লেখযোগ্যভাবে নতুন রূপ দেবে বলে আশা করা হচ্ছে।
এর অংশ হিসেবে তালিকায় বাদ পড়ার জন্য বিবেচিত নামগুলোর মোহাম্মদ নওয়াজ, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হুসাইন তালাত এবং খুশদিল শাহ রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
২০২৫-২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে নওয়াজকে শফিক ও ফাহিমের সঙ্গে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে, অন্যদিকে হুসেন ও খুশদিলকে ‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।