✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৬, | ০০:১৭:৩০ |ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন জেমস রু ও এমিলিও গে। দুই বছরের বেশি সময় পর ফিরেছেন অলি রবিনসন। আরও কিছু পরিবর্তন এনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল সাজিয়েছে ইংলিশরা।
আগামী ৪ জুন লর্ডসে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটির জন্য বুধবার ১৫ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সবশেষ অ্যাশেজ সিরিজের দল থেকে যেখানে নেই সাত জন। বেন স্টোকসের নেতৃত্বাধীন দলে জায়গা হয়নি ওপেনার জ্যাক ক্রলির। ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিতে না পারলেও, তার ওপর দীর্ঘদিন আস্থা রেখেছিলেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু অ্যাশেজের পর চলমান ঘরোয়া মৌসুমেও বাজে পারফরম্যান্সের কারণে দলে জায়গায় হারিয়েছেন ক্রলি। অ্যাশেজে স্রেফ ২৭.৩০ গড়ে রান করা ব্যাটসম্যানের এবারের গ্রীষ্মে কেন্টের হয়ে ১০ ইনিংসে সর্বোচ্চ রান ৪৪।
বাদ পড়াদের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য নাম অলি পোপ। পড়তি ফর্মের কারণে অ্যাশেজ সিরিজের শেষ দুই ম্যাচের একাদশে জায়গা হারান তিনি। এবার দল থেকেই বাদ পড়লেন অভিজ্ঞ ব্যাটসম্যান। তার জায়গায় অস্ট্রেলিয়া সফরে ভালো করে জায়গা ধরে রেখেছেন জেকব বেথেল। চোটের কারণে মার্ক উড ও ব্রাইডন কার্সকে পাচ্ছে না ইংল্যান্ড। গতিময় পেসার জফ্রা আর্চারকেও দলে রাখেনি তারা। উইল জ্যাকসেরও জায়গা হয়নি দলে।
দুই নতুন মুখের একজন রু সমারসেটের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি করেছেন। সব মিলিয়ে ৬২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১২ সেঞ্চুরি ও ১৫টিতে তিন হাজার ৭৭৫ রান করেছেন ২২ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। ডারহামের গে এই মৌসুমে এখন পর্যন্ত ৯২ গড়ে ৫৫২ রান করেছেন। এরই মধ্যে পেয়েছেন তিনটি সেঞ্চুরি। গত মৌসুমে চারটি শতক করেন তিনি।
সব মিলিয়ে ৭২টি প্রথম শ্রেণির ম্যাচে চার হাজার ৭০২ রান করেছেন গে। ১৩টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন ১৮টি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন তিনি, সেটা অবশ্য ইতালির হয়ে। গত বছর তিনটি টি-টোয়েন্টি খেলা ২৬ বছর বয়সী ক্রিকেটারের সামনে এবার ইংল্যান্ডের জার্সিতে টেস্ট খেলার হাতছানি।
২০ টেস্টের ক্যারিয়ারের সবশেষটি রবিনসন খেলেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, ভারতের বিপক্ষে। লম্বা সময় পর আবারও দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ ডানহাতি পেসারের সামনে। পাকিস্তান ও ভারতে পাঁচটি টেস্ট খেলা রেহান আহমেদকে দলে রেখেছে ইংল্যান্ড। এবার ঘরের মাঠে টেস্ট খেলার হাতছানি তার সামনে। এই সংস্করণে এখন পর্যন্ত ২২টি উইকেট নিয়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পেসার সনি বেকার এখন পর্যন্ত ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৬ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি। চার বছর আগে টেস্ট অভিষেক হয়েছিল ম্যাথু ফিশারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট খেলার পর, আর সুযোগ পাননি তিনি। এবার সাদা পোশাকে ফের দেশকে প্রতিনিধিত্ব করার হাতছানি তার।
প্রথম টেস্টের ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বাশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, জেমস রু, অলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ (কিপার), জশ টং।