✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ২১:৩৮:০৯ |অখ্যাত থেকে রাতারাতি কঙ্গোর জাতীয় বীরে পরিণত হয়েছেন ডিফেন্ডার অ্যাক্সেল টুয়ানজেবে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ফুটবল ইতিহাসে গত ১ এপ্রিল তারিখটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ২৮ বছর বয়সী ফুটবলারের সৌজন্যে। আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও জ্যামাইকার বিপক্ষে মহাদেশীয় প্লে-অফের ১০০তম মিনিটে করা তার নাটকীয় গোলটি বদলে দিয়েছে দেশের ফুটবল চিত্র। দীর্ঘ ৫২ বছর পর মধ্য আফ্রিকার দেশটিকে বিশ্বকাপের টিকিট এনে দিয়ে টুয়ানজেবে এখন বিশ্ব ফুটবলের এক নতুন বিস্ময়।
ঐতিহাসিক গোলটি টুয়ানজেবে মেক্সিকোর গুয়াদালাজারা স্টেডিয়ামে করেছিলেন পরিবারের সব সদস্যের উপস্থিতিতে। তাই দারুণ গর্বের সঙ্গে তিনি বলেছিলেন, দেশের জন্য জয়সূচক গোল পাওয়া, এটি এমন কিছু যা আপনি ছোটবেলায় কেবল স্বপ্নই দেখেন। এটি আমার জন্য সত্যি হয়েছে এবং আমি অত্যন্ত আনন্দিত। আমার দেশের জন্য যা করতে পেরেছি, তাতে আমি অনেক গর্বিত। আমার বাবা পুরোটা সময় আমার পাশে ছিলেন এবং তিনি আজ এখানে উপস্থিত আছেন।
এমন অবিস্মরণীয় মুহূর্তের জন্ম দেওয়ার পর সবাই হুমড়ি খেয়ে পড়েছে টুয়ানজেবের প্রোফাইলে।
কঙ্গোর বুনিয়ায় জন্ম নেওয়া টুয়ানজেবে ২০০২ সালে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে আসেন। এখানেই তার জীবনের মোড় পাল্টে যায় ২০০৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দেওয়ার মাধ্যমে। এই ক্লাবের আঙিনায়ই আট বছর বয়স থেকে তিনি পরের ৯টি বছর কাটিয়ে পরিণত হয়েছেন পুরোদস্তুর ফুটবলারে। ১১ বছরের পেশাদার ক্লাব ক্যারিয়ারে তিনি ম্যানইউয়ের হয়ে খেলেছেন ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাত্র ১৯ ম্যাচ। ওই সময়টায় ২০১৬ সালে ম্যানইউয়ের হয়ে প্রথমবার নামেন উইগান অ্যাথলেটিকের বিপক্ষে প্রীতি ম্যাচে। তখন প্রখ্যাত কোচ হোসে মরিনিয়ো বলেছিলেন, ১০ মিনিটই যথেষ্ট, অবিলম্বেই তার কী সামর্থ্য আছে তা দেখতে পাবেন।
২০১৬-১৭ মৌসুমে রেড ডেভিলদের হয়ে ইউরোপা জিতেছেন এবং ২০২০-২১ মৌসুমে রানার্স আপ হয়েছেন। অবশ্য তাকে ধার দেওয়া হয় অ্যাস্টন ভিলা, স্টোক সিটি ও ইতালিয়ান ক্লাব নাপোলির কাছে। সর্বশেষ গত বছর থেকে এই শক্তিধর ডিফেন্ডার খেলছেন বার্নলির হয়ে।
মজার বিষয় হচ্ছে, টুয়ানজেবে দুই বছর (২০১৬ থেকে ২০১৭) ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ২০ ও ২১ দলের হয়ে ১২ ম্যাচ খেলেছেন। আশায় ছিলেন ইংল্যান্ড জাতীয় দলেও ডাক পাওয়ার। সেটি না হওয়ায় জন্মভূমির হয়ে তার অভিষেক হয় ২০২৪ সালের ৬ জুন সেনেগালের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। আর এখন তিনিই গড়েছেন ইতিহাস, এবার অপেক্ষা মূল মঞ্চে গিয়ে আলো ছড়ানোর।
সূত্র: আফ্রিকান ফুটবল ডট কম