রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ পর্তুগাল কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ২০:৫৪:৪২ |

ক্রিস্টিয়ানো রোনালদো এখন সম্ভবত নিজের শেষ ও ষষ্ঠ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেললেও ইউরোপ ছেড়ে যাওয়ার পরও তার আন্তর্জাতিক পারফরম্যান্সে কোনো পতন হয়নি, এমনটাই মনে করছেন পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ।

রোনালদো এরই মধ্যে বিশ্বকাপ ইতিহাসে অনন্য এক রেকর্ডের মালিক। তিনি একমাত্র খেলোয়াড় যিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন। বয়স ৪১ হলেও জাতীয় দল ও ক্লাব দুই জায়গাতেই তিনি নিয়মিত গোল করে যাচ্ছেন।

পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ, ‘সে এখনও পারফর্ম করে নিজের মূল্য প্রমাণ করছে এবং দেখাচ্ছে যে জাতীয় দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। ফুটবলে সবকিছু জয়ের পরও এমন ক্ষুধা ধরে রাখা সত্যিই অসাধারণ। তবে এটাও সত্য যে জাতীয় দলে থাকতে হলে অতীতের অর্জনের জন্য নয়, বর্তমান সময়ে দলকে সাহায্য করার সামর্থ্য থাকতে হয়।’

রোনালদো এবং তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আসন্ন বিশ্বকাপ দিয়ে ছয়টি আসরে খেলার বিরল মাইলফলকে পা রাখবেন। তবে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ (২২৬) ও সর্বোচ্চ গোলের (১৪৩) রেকর্ড সিআরসেভেনের দখলে। 

মার্টিনেজ বলেন, ‘তিনি দলের নেতা এবং সম্ভবত বিশ্ব ফুটবলে এমন অর্জন আর কারও নেই যিনি জাতীয় দলের হয়ে ২২৫টির বেশি ম্যাচ খেলেছেন। শুধু এই সংখ্যাই তাকে অনন্য করে তোলে। কিন্তু জাতীয় দলের অন্য খেলোয়াড়দের মতো তার কাছ থেকেও একই প্রত্যাশা থাকবে।’

রোনালদো তার জাতীয় দলের হয়ে শেষ ৩০ ম্যাচে ২৫টি গোল করেছেন। পাশাপাশি ২০২৫ সালের নেশনস লিগে পর্তুগালকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, যেখানে ফাইনালে স্পেনের বিপক্ষেও গোল করেন।

ইউরো ২০২৪-এ গোল না পেলেও তার সামগ্রিক অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে, তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে তিনি ছয়টি বিশ্বকাপ খেলার বিরল মাইলফলকে একসঙ্গে পৌঁছাতে যাচ্ছেন।

এদিকে রোনালদোর সতীর্থ জোয়াও ফেলিক্স জানিয়েছেন, ৪১ বছরের বয়সেও রোনালদোর কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা তরুণ খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা।

ক্লাব পর্যায়েও তিনি দুর্দান্ত ফর্মে আছেন। আল-নাসরের হয়ে ১০৫তম লিগ ম্যাচে সৌদি প্রো লিগে ১০০তম গোল পূর্ণ করেন তিনি। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে দ্রুত সেরে উঠে আবারও প্রমাণ করেছেন তার শারীরিক সক্ষমতা ও ধারাবাহিকতা এখনো শীর্ষ পর্যায়ে।

বিডি প্রতিদিন/এম.এস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..