✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৯:৫৪:৩৯ |২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সুপার বোল-এর আদলে প্রথমবারের মতো হাফটাইম শো আয়োজন করছে ফিফা। এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ম্যাডোনা, শাকিরা এবং কে-পপ সুপারগ্রুপ বিটিএস।
বৃহস্পতিবার (১৪ মে) ফিফা জানিয়েছে কোল্ডপ্লে-র ক্রিস মার্টিন এই শো-টি কিউরেট করবেন, যা ফুটবল বিশ্বকাপের কোনো ফাইনালের জন্য প্রথম।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ফিফা বিশ্বকাপের ফাইনালের হাফটাইম শো একটি সত্যিই বিশেষ মুহূর্ত হবে। যা সঙ্গীত, ফুটবল এবং বিশ্বজুড়ে শিশুদের জীবন উন্নত করার একটি সম্মিলিত অঙ্গীকারকে একত্রিত করবে।
তিনি আরও বলেন, একসঙ্গে আমরা ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডকে সমর্থন করব এবং বিশ্বজুড়ে শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও ফুটবলের সুযোগ আরও বাড়াতে সাহায্য করব।
গত বছরের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও একই ধরনের একটি হাফটাইম শো আয়োজন করা হয়েছিল, যা মেটলাইফ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে নির্ধারিত ১৫ মিনিটের বিরতির পরেও খেলা চলেছিল।
ইনফান্তিনো আরও জানান, ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি এই মেগা ইভেন্টের শেষ সপ্তাহে নিউইয়র্কের টাইমস স্কোয়ারও দখল করার পরিকল্পনা করেছে। হাফ-টাইম শো-টি ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডকে সমর্থন করবে, যা বিশ্বকাপ চলাকালীন বিশ্বজুড়ে শিশুদের জন্য ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যে কাজ করছে।
বিশ্বকাপের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা শাকিরা ২০০৬ এবং ২০১৪ সালের মেগা ইভেন্টে পারফর্ম করেছেন এবং ২০১০ টুর্নামেন্টের জন্য ‘ওয়াকা ওয়াকা’ গানটিও প্রযোজনা করেছেন। গত সপ্তাহে ফিফা বিশ্বকাপের জন্য আরও একটি নতুন অফিসিয়াল গানের আভাস দিয়েছেন। তিনি ট্র্যাকটির একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেন এবং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে ‘দাই দাই’ শিরোনামের গানটি ঘোষণা করেন।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার প্রথমবারের মতো ৪৮টি দল বিশ্বকাপে অংশ নিচ্ছে। ১২টি গ্রুপে বিভক্ত হয়ে ১৬টি শহরে ১০৪ ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্বকাপ।