✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৭:৩৯:২৭ |চলতি মৌসুমে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট এবং টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে অংশ নিতে যাওয়া বেশ কয়েকজনকে ক্রিকেটারকে অনাপত্তি সনদ (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এর মধ্যে ফাস্ট বোলার হাসান আলীকে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এবং মোহাম্মদ আলী, উসমান তারিক এবং ফাহিম আশরাফ ভাইটালিটি ব্লাস্টের জন্য এনওসি পেয়েছেন। এদিকে পিসিবি ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব চালিয়ে যাওয়ার জন্য ফাস্ট বোলার মোহাম্মদ আব্বাসের এনওসির মেয়াদও বাড়িয়েছে।
এর আগে দেশটির ক্রিকেট বোর্ড চলকি মৌসুমে বিদেশের লিগে নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করতে যাওয়া কয়েকজন পাকিস্তানি খেলোয়াড়কেও এনওসি দিয়েছিল। এই তালিকায় সুফিয়ান মুকিম, মোহাম্মদ নওয়াজ এবং উসামা মীর ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার অনুমতি পেয়েছেন।
সুফিয়ান ২২শে মে থেকে ৭ই জুন পর্যন্ত খেলার অনুমতি পেয়েছেন। অন্যদিকে নওয়াজ এবং উসামা মীর যথাক্রমে জুলাইয়ের মাঝামাঝি এবং শেষ পর্যন্ত খেলার জন্য বর্ধিত সময় পেয়েছেন। যা টুর্নামেন্টের একটি বড় অংশে তাদের সম্ভাব্য অংশগ্রহণের ইঙ্গিত দেয়।
মীর এর আগে টুর্নামেন্টের ২০২৩ সংস্করণে ওরচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছিলেন, যেখানে তিনি ১১টি ম্যাচ খেলে ৭.২৯ ইকোনমি রেটে ১৯টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে নওয়াজ এবং সুফিয়ান তাদের প্রথম ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট পর্ব শুরু করতে প্রস্তুত।
এদিকে স্পিনার নওয়াজ, মুকিম এবং উসমান অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের দলের প্রতিনিধিত্ব করার পর ভাইটালিটি ব্লাস্টে তাদের অভিষেকের দ্বারপ্রান্তে রয়েছেন।
উল্লেখ্য, ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্ট ২২শে মে এসেক্স ও সাসেক্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবং ১৮ই জুলাই পর্যন্ত চলবে।