পাকিস্তানের মাথাপিছু আয় বেড়ে ১৯০১ ডলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৭:২২:০২ |

চলতি ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৯০১ ডলারে পৌঁছেছে। প্রবাসী আয় বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তুলনামূলক স্থিতিশীল বিনিময় হার এর পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে দেশটির পরিকল্পনা মন্ত্রণালয়।

তবে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। বিদায়ী অর্থবছরে পাকিস্তানের অর্থনীতি ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে সরকারের লক্ষ্য ছিল ৪ দশমিক ২ শতাংশ। শিল্প ও নির্মাণ খাতের ধীরগতির কারণে প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে বেকারত্বও বেড়েছে দেশটিতে।

বুধবার জাতীয় হিসাব কমিটির ১১৭তম বৈঠকে এই প্রবৃদ্ধির হিসাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিকল্পনা সচিব আওয়াইস মনজুর সুমরা। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি অর্থবছরে পাকিস্তানের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ১২৬ দশমিক ৯ ট্রিলিয়ন রুপি বা ৪৫২ দশমিক ১ বিলিয়ন ডলার। এর মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে পাকিস্তানের অবস্থান হয়েছে ৪২তম।

জানা গেছে, ২০২৫ অর্থবছরে দেশটিতে মাথাপিছু আয় ছিল এক হাজার ৮২৪ ডলার। এ বছর দেশটিতে মাথাপিছু আয় সামান্য বেড়ে এক হাজার ৯০১ ডলারে দাঁড়িয়েছে। এই পূর্বাভাসটি ২০২৩ সালের আদমশুমারির উপর ভিত্তি করে করা হয়েছে। তবে, ওই বছর দেশটিতে মাথাপিছু আয় ছিল এক হাজার ৫৫১ ডলার। এছাড়া তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে এর পরিমাণ ছিল এক হাজার ৭৬৬ ডলার এবং ২০২১ অর্থবছরে ছিল এক হাজার ৬৭৭ ডলার।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য পাকিস্তান সরকার ইতোমধ্যেই আইএমএফের কাছে স্থিতিশীলতার পথ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এবং ২.৮ ট্রিলিয়ন রুপি প্রাথমিক বাজেট উদ্বৃত্ত তৈরির লিখিত অঙ্গীকার করেছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..