✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৬:৫৫:৫১ |বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২৮দিন বাকি। এর আগেই ফিফা জানিয়ে দিয়েছে, আসন্ন টুর্নামেন্টে গোল্ডেন বলসহ অন্যান্য ব্যক্তিগত পুরস্কারের সেরা খেলোয়াড় বাছাই করবে একটি বিশেষ টেকনিক্যাল স্টাডি গ্রুপ।
প্রতি বিশ্বকাপের মতো এবারও ফিফা একটি ফুটবল স্টাডি গ্রুপ গঠন করেছে, যারা পুরো টুর্নামেন্ট পর্যবেক্ষণ করে সেরা ফুটবলার, সেরা গোলকিপারসহ বিভিন্ন পুরস্কারের জন্য নির্বাচন করবে। পাশাপাশি ম্যাচ বিশ্লেষণ করে বিস্তারিত রিপোর্টও তৈরি করবে এই কমিটি।
এই টেকনিক্যাল স্টাডি গ্রুপের দায়িত্বে থাকছেন আর্সেন ওয়েঙ্গার, আর কমিটির প্রধান হিসেবে আছেন সুইজারল্যান্ডের সাবেক গোলকিপার পাস্কাল জুবেরবুলার। সদস্য তালিকায় রয়েছেন জার্মান কিংবদন্তি যুর্গেন ক্লিন্সম্যান, আর্জেন্টিনার পাবলো সাবালেতা, ডেনমার্কের জন ডাল টমাসন, ব্রাজিলের জিলবের্তো সিলভা, নেদারল্যান্ডসের অ্যারন উইন্টার, কোস্টারিকার পাওলো ওয়ানচোপ, ঘানার অটো অ্যাডো, যুক্তরাষ্ট্রের টবিন হিথ, জেন লুডল এবং উত্তর আয়ারল্যান্ডের মাইকেল ও’নিল।
ওয়েঙ্গারের ভাষায়, এই গ্রুপের কাজ হবে ম্যাচ বিশ্লেষণের মাধ্যমে নতুন ট্রেন্ড চিহ্নিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের উন্নয়নে দিকনির্দেশনা দেওয়া। তিনি বলেন,‘আমরা প্রযুক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে খেলাকে আরও উন্নত ও আকর্ষণীয় করতে চাই।’
ফিফা জানিয়েছে, এই কমিটির সদস্যরা মাঠে উপস্থিত থেকে এবং মায়ামির টেকনিক্যাল স্যুইট থেকে ছয়টি ভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেলে খেলা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি তারা ফিফার সরবরাহ করা ডেটা বিশ্লেষণও ব্যবহার করবেন। উদ্দেশ্য হলো আরও গভীর ও তথ্যভিত্তিক বিশ্লেষণ তৈরি করা।
এছাড়া ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে কয়েকটি সামাজিক উদ্যোগও ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বর্ণবৈষম্য বিরোধী প্রচার ‘নো রেসিজম’, পাশাপাশি ‘ইউনাইট ফর পিস’ এবং ‘ইউনাইট ফর এডুকেশন’ কর্মসূচি। বর্ণবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে দর্শকদের অভিজ্ঞতা তুলে ধরা হবে বিভিন্ন ফ্যান জোনে, যাতে মানুষ বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা পায়। এই উদ্যোগের অংশ হিসেবে ফিফা আয়োজন করছে ‘লিসেন, স্ট্যান্ড আপ অ্যান্ড শো আপ’ নামের বিশেষ কর্মসূচি।