✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-১৩, | ২২:২২:০৪ |বলিউডে নিজের শক্ত অবস্থান গড়েছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়। ভালোবেসে সুরাজ নাম্বিয়ার সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। কিছু দিন ধরে গুঞ্জন চলছে, এই অভিনেত্রীর সংসার ভেঙে যাচ্ছে।
বিবাহবিচ্ছেদ নিয়ে নানা চর্চা চললেও নীরব ছিলেন মৌনি। তবে নীরবতা ভেঙে এবার মুখ খুললেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে স্টোরিতে দেওয়া এক পোস্টে মৌনি লেখেন, সকল মিডিয়া হাউজকে বিনীত অনুরোধ করছি, বিয়ে নিয়ে মিথ্যা গল্প প্রকাশ করবেন না। আমাদের কিছুটা একা থাকতে দিন ও গোপনীয়তা রক্ষা করুন।
এর আগে সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মৌনি রায় ও সুরাজ নাম্বিয়ার সংসার ভাঙার গুঞ্জন ডালপালা মেলেছে। ইনস্টাগ্রামে তারা পরস্পরকে আনফলো করেছেন। এমনকি, মৌনির সঙ্গে তোলা ছবিও সুরাজ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডিলিট করে ফেলেছেন। তবে তাদের পুরোনো কয়েকটি ছবি এখনো দেখা যাচ্ছে। এরপর এ জুটির বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়।
করোনা মহামারির সময় দুবাই আটকা পড়েছিলেন মৌনি রায়। সেই সময় পেশায় ব্যাংকার সুরাজের সঙ্গে তার বেশ ভালো সময় কেটেছে। পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দুবাই প্রবাসী সুরাজ নাম্বিয়ার সঙ্গে মৌনির প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়েও আলোচনা কম হয়নি। সবকিছুর ইতি টেনে ২০২২ সালের ১৭ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।
টিভি ধারাবাহিকে খ্যাতির পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গল’ গানে নেচে বেশ জনপ্রিয়তা লাভ করেন মৌনি। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ব্ল্যাকআউট’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি।
মৌনি রায়কে সর্বশেষ দেখা যায় ‘সালাকার’ সিরিজে। থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেন ফারুক কবির। গত বছরের ৮ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পায় এটি।