‘আইপি ম্যান: কুংফু লিগ্যাসি’ নিয়ে ফিরছেন ডেনিস তো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৩, | ২২:২০:৩৩ |

মার্শাল আর্ট ভক্তদের জন্য সুখবর নিয়ে ফিরছেন অভিনেতা ডেনিস তো। কিংবদন্তি উইং চুন গ্র্যান্ডমাস্টার আইপি ম্যানের ভূমিকায় আবারও বড় পর্দায় দেখা যাবে তাকে। ‘আইপি ম্যান: কুংফু লিগ্যাসি’ শিরোনামের এই নতুন স্পিন-অফ চলচ্চিত্রটির মাধ্যমে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা অল রাইটস এন্টারটেইনমেন্ট ইতোমধ্যেই কান ফিল্ম মার্কেটে ছবিটির প্রি-সেল বা আগাম বিক্রির কার্যক্রম শুরু করেছে।

উইং চুন মাস্টারের এই নতুন অধ্যায়টির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের অক্টোবর মাসে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে চলচ্চিত্রটি। ব্রুস লির মেন্টর হিসেবে পরিচিত আইপি ম্যানের চরিত্রে ডেনিস তোর অভিনয় এর আগেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এর আগে মুক্তি পাওয়া ‘আইপি ম্যান: কুংফু লিজেন্ড’ ছবিটির সফলতার ধারাবাহিকতায় নতুন এই কিস্তিটি নির্মিত হতে যাচ্ছে। উল্লেখ্য যে, কুংফু লিজেন্ড ছবিটি আগামী ১৪ জুলাই নর্থ আমেরিকায় মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়েল গো ইউএসএ।

ডনি ইয়েন অভিনীত মূল ‘আইপি ম্যান’ সিরিজটি একবিংশ শতাব্দীর অন্যতম সেরা মার্শাল আর্ট ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। তবে ডেনিস তোর অভিনীত স্পিন-অফ সিনেমাগুলো এই ইউনিভার্সে নিজস্ব একটি ধারা তৈরি করতে সক্ষম হয়েছে। মূলত মাস্টার আইপি ম্যানের তরুণ বয়সের গল্প এবং উইং চুনের ঐতিহ্যবাহী রূপ ফুটিয়ে তোলাই এই সিরিজের প্রধান বৈশিষ্ট্য। ডেনিস তো এর আগে ‘দ্য লিজেন্ড ইজ বোর্ন: আইপি ম্যান’, ‘আইপি ম্যান: দ্য অ্যাওয়েকেনিং’ এবং ‘আইপি ম্যান: কুংফু মাস্টার’ ছবিগুলোতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

প্যারিস, হংকং এবং লস অ্যাঞ্জেলেসভিত্তিক সংস্থা অল রাইটস এন্টারটেইনমেন্ট এই চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব পালন করছে। সংস্থাটির প্রধান নির্বাহী এমেরিক কন্ট্যাট ডেসফন্টেইন এক বিবৃতিতে জানান, আইপি ম্যান ইউনিভার্সকে বিশ্বজুড়ে আরও ছড়িয়ে দিতে তারা গর্বিত। ফ্র্যাঞ্চাইজিটির বিশ্বব্যাপী ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই কান উৎসবে তারা তাদের অংশীদারদের সঙ্গে নতুন এই অধ্যায়টির ঘোষণা দিয়েছেন। 

মার্শাল আর্ট প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইপি ম্যানের বীরত্বগাথা আবারও প্রেক্ষাগৃহে নতুন চমক নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: ভ্যারাইটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..