প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া জর্ডানের সামনে এবার নতুন রোমাঞ্চ। আর সেই রোমাঞ্চের বড় অংশজুড়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
২০২৬ বিশ্বকাপে জে গ্রুপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলবে জর্ডান। একই গ্রুপে রয়েছে অস্ট্রিয়া ও আলজেরিয়াও। বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই মেসির বিপক্ষে মাঠে নামার সম্ভাবনায় উচ্ছ্বসিত জর্ডান শিবির।
ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জর্ডানের কোচ জামাল সেল্লামি বলেন, তারা আশা করছেন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মেসি খেলবেন। কারণ, ফুটবলে মেসি এখনো এক অনন্য আইকন এবং তাকে সামনে থেকে দেখা ও তার বিপক্ষে খেলা জর্ডানের ফুটবলারদের জন্য বিশেষ অভিজ্ঞতা হবে।
তিনি বলেন, 'আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য দারুণ রোমাঞ্চকর হবে। আমরা চাই মেসি মাঠে থাকুক। তার বিপক্ষে খেলা আমাদের ফুটবলারদের জন্য বড় চ্যালেঞ্জ।'
শুধু রোমাঞ্চ নয়, ওই ম্যাচকে ঘিরে বড় স্বপ্নও দেখছে জর্ডান। কোচ সেল্লামির আশা, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ থেকেই তারা নকআউট পর্বে ওঠার সমীকরণ মেলাতে পারবে।
বিশ্বকাপে প্রতিটি ম্যাচের জন্য আলাদা প্রস্তুতির কথাও জানান তিনি। বিশেষ করে মেসির বিপক্ষে ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা থাকবে বলেও ইঙ্গিত দেন জর্ডান কোচ।
আগামী ২৮ জুন আর্জেন্টিনার মুখোমুখি হবে জর্ডান।
এ জাতীয় আরো খবর..